।। পম্পি রায় ।।
ভ্যাপসা গরমে আরাম পেতে কোন ধরণের পোশাক পরবেন? কোন রঙ বেছে নেবেন? এই নিয়ে চিন্তা এবার দূরে যাক । প্রচণ্ড গরম পড়েছে । এই কাঠফাটা গরমে বাড়ির বাইরে বেরোতে ইচ্ছে না করলেও, প্রয়োজনে তো বেরোতেই হবে । বড়রা যাচ্ছেন অফিসে, প্রয়োজনীয় কাজে, ছোটদের পড়াশোনা সহ আরও অন্যান্য ক্লাস করতে বাড়ির বাইরে যেতে হচ্ছে । তাই বড় কিংবা ছোট সকলের জন্য এই ভ্যাপসা গরমে ওয়ারড্রবে অবশ্যই রাখতে হবে সুতির জামাকাপড় ।
মহিলা বা মেয়েরা এই গরমেও নিজেকে ফুরফুরে রাখতে পরুন সুতির শাড়ি, কুর্তি, স্কার্ট, টপ । এখন ওয়ান পিসও ফ্যাশনে ইন । ফ্লোরাল শিফন ড্রেস এখন বেশ পছন্দ করছেন অনেকে । ফ্লেয়ার্ড ড্রেস গরমে পরার জন্যও উপযুক্ত । এজন্য একটু লম্বা ঝুলের সুতির ঘের দেওয়া ড্রেস কিনতে পারেন । পরলে আপনাকে বেশ সুন্দরী দেখাবে ।
নবাবের শহর লখনউ শুধুমাত্র বিরিয়ানি ও কাবাবের জন্য নয়, চিকনকারি কাজের জন্যও বিখ্যাত । কোনও অনুষ্ঠান বাড়িতে যেতে চাইলে চিকনকারি কুর্তিকে আপনি বিভিন্ন স্টাইলে বেছে নিতে পারেন । চিকনের কুর্তির সঙ্গে কম্বিনেশনে বেশ ভালো যায় জিনস, পালাজো বা শারারা । কুর্তির ঝুল লম্বা হোক বা ছোট, তার সঙ্গে পরে নিন সিলভার গয়না, বা ঝুমকা । ব্যস আপনি রেডি। গরমে বলি নায়িকারাও আজকাল আরাম পেতে চিকনের সুতির পোশাক পরছেন ।
পুরুষ বা ছেলেরা পরতে পারেন সুতির পাঞ্জাবি, কুর্তা, টি-শার্ট । ফর্মাল পোশাকের জন্য ছেলেরা ওয়ারড্রবে রাখুন হালকা শার্ট আর ট্রাউজার ।

গরমে ছোটদের জন্য সুতি বা লিনেন কাপড়ের জামা কিনুন । এই ধরণের পোশাক নরম ও হালকা ওজনের হয়ে থাকে । প্লেইন প্যাস্টেল রঙের সতেজ জামা পরাতে পারেন । গরমকালে টাইট পোশাকের থেকে ঢিলেঢালা পোশাক পরুন । সূর্যের রশ্মি থেকে বাঁচতে সুতির ফুল হাতা জামা ব্যবহার করুন ।
গরমে পোশাক নির্বাচন তো হল, নজর দিতে হবে রঙের দিকেও । অনেকেরই হয়তো প্রিয় রং কালো । তবে এই ভ্যাপসা গরমে কালো বা গাঢ় রঙের জামাকাপড় একটু এড়িয়ে চলুন । গাঢ় রং যে তাপ গ্রহণ করে, তা অনেকক্ষণ ধারণও করে রাখে । তাই ব্যবহার করুন হালকা রঙ; যা তাপ শোষণ করে কম । তাতে অনেকটা স্বস্তি পাবেন ।
সাদা রঙ তো আদর্শ, এছাড়াও হালকা হলুদ, হালকা আকাশী, হালকা গোলাপি, অলিভ সবুজ রঙের জামা পরতে পারেন । গরমের হাত থেকে বাঁচতে এবার পরে ফেলুন সুতি, লিনেন ও হালকা রঙের জামা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

