।। সৌম্যজিত মিশ্র ।।
জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিক । আর সেখানেই টেনিস তারকা রোহন বোপান্না এবং সুমিত নাগাল তাঁদের অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (ATP) – এ যথাক্রমে ডাবলস এবং একক প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ।
প্যারিস অলিম্পিকে টেনিস বিভাগে যোগ্যতা অর্জনের জন্য যে উইন্ডোটি খোলা হয়েছিল, তা শেষ হয়েছে গত সোমবার । আর সেখানেই বিশ্বের চার নম্বরে থাকা রোহন বোপান্না অতি সহজেই তার যোগ্যতা অর্জন করে নেন । এই মুহূর্তে তিনি ডাবলস প্রতিযোগিতায় গত বছরের নভেম্বর থেকে সেরা ১০এর মধ্যে রয়েছেন । সূত্রের খবর, বোপান্না এবারের অলিম্পিকের জন্য তার সঙ্গী হিসাবে বিশ্বের ৬৭ তম স্থানে থাকা শ্রীরাম বালাজিকে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে ।
এছাড়াও বলে রাখা ভালো, ৪৪ বছর বয়সী বোপান্না জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছিলেন এবং গত সপ্তাহে ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে পৌঁছেছিলেন । এছাড়াও বোপান্না লন্ডন ২০১২ গেমস এবং রিও ২০১৬ তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন । কিন্তু টোকিও ২০২০ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি । তবে এবার ২৪ অলিম্পিকে সুযোগ রয়েছে তার ফর্ম তুলে ধরার ।
অপর দিকে গত সপ্তাহেই একক র্যাঙ্কিংয়ে ১৮টি স্থান অতিক্রম করে নাগালও নিজের জায়গা করে নিয়েছেন । গত রবিবারই জার্মানির হেইলব্রন নেকারকাপে তার এটিপি চ্যালেঞ্জার শিরোপা জয় করেন নাগাল । আর এই জয়ের পরেই নাকি তিনি ৯৫ তম স্থান থেকে একেবারে ৭৭ তম স্থানে উঠে এসেছেন! এই নাগালই, যিনি টোকিও ২০২০ অলিম্পিকে ভারতের হয়ে খেলেছিলেন, সেই সময় জানুয়ারিতে তাঁর র্যাঙ্কিং ছিল ১৩৮তম । তারপর চেন্নাই ওপেনের শিরোপা জিততেই এই বছরের শুরুতে তিনি এটিপির শীর্ষ ১০০ তম স্থানে উঠে আসেন ।
উল্লেখ্য, প্যারিস ২০২৪ অলিম্পিকে-এ পুরুষ ও মহিলা একক প্রতিযোগিতায় ৬৪ জন খেলোয়াড় থাকবে । এছাড়াও খবর, ১০ জুন প্রকাশিত এটিপি র্যাঙ্কিং অনুযায়ী পুরুষদের একক প্রতিযোগিতার শীর্ষে ৫৬ জন খেলোয়াড় তাদের কোটা পেয়েছে । যেখানে প্রতিটি দেশ তাদের সর্বোচ্চ চারটি কোটা সুরক্ষিত করতে পারে ।
এখানে বলে রাখা ভাল, অলিম্পিক আয়োজক দেশের জন্য একটি কোটা সংরক্ষিত থাকে। কারণ, যদি কোনও খেলোয়াড় র্যাঙ্কিংয়ের মাধ্যমে অলিম্পিকে সরাসরি স্থান অর্জন করতে না পারে তাহলে, কোটায় তারা অংশগ্রহণ করতে পারবে । কিন্তু যেহেতু ফ্রান্স তাদের র্যাঙ্কিংয়ের মাধ্যমে চারটি পুরুষ একক কোটা সুরক্ষিত করেছে, তাই আয়োজক দেশ হিসেবে তাদের খেলোয়াড় সংখ্যা হয়েছে ৫৬ থেকে ৫৭ জন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

