তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী হিসাবে টানা দশ বছর কাটানোর পর তাঁর শরিক-নির্ভর তৃতীয় ইনিংস যে কিছুটা আলাদা হবে, তা আন্দাজ করেছিলেন অনেকেই । শপথ গ্রহণের দিনও সেই ছবি ফুটে উঠল মন্ত্রিসভার গঠনে ।
দেশ বিদেশের আট হাজার অতিথিকে সাক্ষী রেখে রবিবার সন্ধ্যায় দিল্লির রাইসিনা হিলসে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান । সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রতিবেশী রাষ্ট্রপ্রধানরাও । উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনৌথ ছাড়াও আরও অনেকে ।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও শপথ নিয়েছেন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা । তবে এবার লোকসভা ভোটে সংখ্যা গরিষ্ঠতা না থাকায় দিল্লির মসনদে শরিক-নির্ভর এই মন্ত্রিসভা; যেখানে ৭২ জন মন্ত্রীর মধ্যে ১১ রয়েছেন জন শরিক দলের ।
‘ভারসাম্য’ বজায় রেখে জোট সরকারের অন্তর্গত তেলুগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), জনতা দল সেকুলার, রাষ্ট্রীয় লোক দল, হিন্দুস্তানি আওয়ামী মোর্চা (এইচএএম), রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে বেছে নেওয়া হয়েছে এই ১১ জন মন্ত্রীকে ।
মন্ত্রিসভায় রয়েছে পুরানো এবং নতুন মুখ । রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গডকড়ী, জগৎপ্রকাশ নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করের মতো পুরানো মুখ রয়েছে মোদীর মন্ত্রিসভায় । যদিও পূর্ববর্তী সরকারের তিন পরিচিত মুখ স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর এবং রাজীব চন্দ্রশেখর এবার ঠাঁই পাননি মন্ত্রিসভায় ।
প্রধানমন্ত্রী ছাড়াও রবিবারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ পাঠ করেছেন ৩০ জন পূর্ণমন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী । এদিকে, মন্ত্রিসভার বণ্টনকে কেন্দ্র করে শরিকদের মধ্যে ‘মতভেদ’ স্পষ্ট হয়েছে ইতিমধ্যে । এদিকে গুঞ্জন ছড়ায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও মন্ত্রীর পদ থেকে সরে আসতে চাইছেন কেরলের বিজেপির প্রথম সাংসদ সুরেশ গোপী ।
অজিত পাওয়ারের এনসিপির নেতা প্রফুল প্যাটেলকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দেওয়ার কথা জানানো হয়েছিল বিজেপির তরফে । যদিও সেই পদ নিতে চাননি প্রফুল প্যাটেল । শরিক নির্ভর এই মন্ত্রিসভা ঠিক কীভাবে চালনা করেন প্রধানমন্ত্রী এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন জনগণ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

