এগরার ছায়া এবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে । রবিবার রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল । বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় দু’টি বাড়ি । খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী ।
কোলাঘাট থানার পয়াগ গ্রামে বাজি কারখানায় বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটল । বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । রবিবার রাত্রি দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট থানার পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে বলে জানা যায় । স্থানীয় সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত ছিলেন ।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, গতকাল অর্থাৎ রবিবার রাত্রি দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে । ফলত এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । জানা গেছে, এদিন আনন্দ মাইতির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে । পাশের আরও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দু’টি ইঞ্জিন । এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য ।
তবে এই বাজি কারখানার বিস্ফোরণে কত জন আহত হয়েছেন তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি । তবে স্থানীয় সূত্রের খবর পার্শ্ববর্তী এক বাড়ির বৃদ্ধা জখম হয়েছেন । গতকাল রাত্রি থেকে পুরো এলাকার ঘিরে রেখেছে পুলিশ । তবে বিস্ফারনের তীব্রতা এতোটাই ছিলো যে তার শব্দ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায় বলেই দাবি করা হয় ।
তবে জানা যায়, এই গ্রামে এর আগেও একাধিক বার বিস্ফোরণ ঘটেছে । বিস্ফোরণের জেরে মারাও গিয়েছেন অনেকে । তবুও বন্ধ হয়নি এই বাজি তৈরির কাজ । রাত থেকেই এলাকা জনশূন্য হয়ে রয়েছে । স্থানীয়রা বিস্ফোরণের বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি । পুলিশ সূত্রে জানা গেছে, আজ, সোমবার ফরেনসিক বিশেষজ্ঞের দল এলাকায় আসবে তদন্ত করতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

