তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে বাংলার বকেয়া মেটানোর দাবি জানালেন ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী।
লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে হ্যাট্রিক করেছেন দেব। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কটি ভোট পড়বে সেই সংখ্যক গাছ লাগাবেন। ভোটে জিতেই প্রতিশ্রুতি পূরণে নেমে পড়েন তিনি। রবিবার ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল তাঁর। সেখানেই সাংবাদিকের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছাবার্তা দেন। একইসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী পদটিকে আমি সমর্থন করি। দেশ সুস্থভাবে চলুক।’ তাঁর সংযোজন, ‘যেভাবে দশ বছর ধরে এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে ভাঙার চেষ্টা চলছে, আগামী পাঁচ বছর এমন যেন না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেবের আর্জি, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা সহ যে সমস্ত প্রকল্পের বকেয়া টাকা বাকি রয়েছে সেগুলি দ্রুত ছেড়ে দেওয়া হোক। ঘাটাল সাংসদের পরামর্শ, রাগ-অভিমান দূরে সরিয়ে প্রকৃত প্রধানমন্ত্রীর মত কাজ করুন।
দশ বছর সাংসদ থেকেও ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ না হওয়ায় কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছিলেন দেব। রাজনীতি ছাড়তেও চেয়েছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেন। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এই প্রতিশ্রুতি দেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই তৃতীয়বার ঘাটাল থেকে প্রার্থী হয়ে হ্যাট্রিক করেন দেব।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

