।। অর্পিতা দাশগুপ্ত ।।
নরেন্দ্র মোদীর সঙ্গে মন্ত্রী হিসেবে কারা শপথ নেবেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। বাংলা থেকে উঠে আসছে বেশ কিছু নাম যার মধ্যে অন্যতম সুকান্ত মজুমদার। শোনা যাচ্ছে, মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বালুরঘাটের সাংসদ। এরপরই জল্পনা চলছে, বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব আরও একবার দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে।
রবিবার (৯ জুন) সন্ধ্যেয় ৭ টা ১৫ থেকে রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে কয়েকজন সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। জানা গিয়েছে, বাংলা থেকে নাম রয়েছে শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির এই দুই সাংসদ দিল্লিতে পৌঁছে গিয়েছেন। রবিবার সকালে নরেন্দ্র মোদীর বাসভবনে চা-চক্রে যোগ দিয়েছিলেন তাঁরা। এছাড়াও রাজধানীতে পাড়ি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২০২১ সালে দিলীপ ঘোষকে সরিয়ে বঙ্গ বিজেপির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তারপর থেকেই বাংলায় একের পর এক নির্বাচনে ধরাশায়ী হয়েছে পদ্ম শিবির। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২০০-র টার্গেট থাকলেও ৭৭-এই থেমে যায় দৌড়। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। ৪২ আসনের মধ্যে মাত্র ১২ টিতে জয় পেয়েছে তারা। মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে। সেখানে পরাজিত হন তিনি। হেরে গিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি।
দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ২০১৯-এর লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করে বঙ্গ বিজেপি। ২০১৪ সালে যেখানে বিজেপির ২ টি আসন ছিল, ২০১৯-এ ১৮ টি আসনে জয় পায় বঙ্গ বিজেপি। ২০২১-এ তাঁকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর উত্তরসূরি হয়ে আসেন সুকান্ত মজুমদার। এখন জানা যাচ্ছে, সুকান্ত মজুমদারকে মন্ত্রিসভায় পাঠানো হলে রাজ্য বিজেপির সভাপতি পদে ফেরানো হতে পারে দিলীপ ঘোষকেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

