।। সানন্দা বসু ।।
‘আয় বৃষ্টি ঝেঁপে,ধান দেব মেপে…’ । এখন এটাই একমাত্র প্রার্থনা সকলের । কবে আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামবে, সেদিকেই চেয়ে আছেন কৃষকরা ।
কবে স্বস্তির বৃষ্টি শান্ত করবে কলকাতার মাটিকে, ভিজিয়ে দেবে এক লহমায় শহর তিলোত্তমাকে? ভোরের আলো ফুটতেই অসহ্য, গুমোট গরম । সন্ধ্যে নামলেও স্বস্তি নেই । জুনের দ্বিতীয় সপ্তাহেও দীর্ঘ দগ্ধ দিন দক্ষিণবঙ্গে । বর্ষা কবে আসবে, দিশা দেখাতে পারছে না আবহাওয়া দফতরও ।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা এগোচ্ছে বিলম্বিত লয়ে । আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা কম । হাওয়া অফিস সূত্রে খবর,আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ।
একই সঙ্গে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া কষ্ট দেবে । তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে দমকা হাওয়া । তাই চাতকের ভূমিকায় আরও বেশ কিছুদিন কাটাতে হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

