।। অর্পিতা দাশগুপ্ত ।।
আগামী সপ্তাহের আগে দক্ষিণে বর্ষার দেখা মিলবে না, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আপাতত কয়েকদিন আবহাওয়ার খামখেয়ালি দেখবে বাংলা। আজ, রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মাঝ সপ্তাহ পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের দহনজ্বালা দেখা যাবে। পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অস্বস্তিকর গরম থাকবে। ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে পারদ। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা সহ দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে বিকেলের পর কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে উত্তরের মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি বজায় থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

