।। অর্পিতা দাশগুপ্ত ।।
অপেক্ষা আর কয়েক ঘণ্টার! রবিবার সন্ধ্যেয় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত থাকবেন। তবে বিরোধী জোটের কেউ অনুষ্ঠানে থাকবেন কি না তা নিয়ে কৌতূহল বেড়েছে। এরই মধ্যে জানা গেল, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে থাকবে না। আমন্ত্রণ প্রত্যাহার করেছে তারা। তবে কংগ্রেসের হয়ে উপস্থিত থাকতে পারেন মল্লিকার্জুন খাড়গে।
সূত্রে খবর, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছিল। কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাহার করে তিনি অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করা হলে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি। এছাড়া অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন।
আগে জানা গিয়েছিল, শনিবার বিকেল পর্যন্ত বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোটের কোনও নেতাকেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, ‘আন্তর্জাতিক নেতা-প্রতিনিধিদের নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ করা হয় তাহলে বিচার করে দেখা হবে।‘।
উল্লেখ্য, এনডিএ জোটের শরিক দলগুলির উপর ভরসা করেই সরকার গড়ছেন নরেন্দ্র মোদী। ‘এন’ ফ্যাক্টর অর্থাৎ চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দুজনেই নিজের সমর্থন জানিয়েছেন। রবিবারের অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস- ৬ দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। নরেন্দ্র মোদী ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, রাজনাথ সিংয়ের মত বিজেপির শীর্ষ নেতারা শপথ নিতে পারেন। এছাড়া টিডিপি, জেডি(ইউ) ও শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) থেকে অন্তত একজন করে মন্ত্রিত্ব পেতে পারে বলে সূত্রে খবর। বাংলা থেকে মন্ত্রিত্বের দাবিদার হিসেবে উঠে আসছে কয়েকটি নাম। তবে শেষপর্যন্ত মন্ত্রী হিসেবে শপথ নেবেন কারা কারা, সেদিকেই নজর রাখছে গোটা দেশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

