ভোটে জিততেই উপহারে ‘মন্ত্রিত্ব’! অভিজিতের দিল্লি সফর ঘিরে জল্পনা

।। অর্পিতা দাশগুপ্ত ।।

দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের নবনির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, বাংলা থেকে কোনও সাংসদ মোদীর মন্ত্রিসভায় জায়গা করতে পারবে কিনা? সেখানে অভিজিতের নাম ঘিরেও চলেছে তুমুল জল্পনা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়। বাংলাজুড়ে যখন সবুজ ঝড় সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন তিনি। এরপর থেকেই জল্পনা চলছে, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। বাংলার এক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। বাকি তিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকারের মধ্যে দুজনই (নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার) নির্বাচনে পরাজিত। অন্যদিকে জয়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের নামও মন্ত্রিত্বের দাবিদার হিসেবে উঠে এসেছে।

লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই কেন্দ্রে সরকার গড়তে এনডিএ জোটের শরিক দলগুলির উপরই নির্ভর করতে হচ্ছে। ‘এন’ ফ্যাক্টর নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু সহ একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ান তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে মন্ত্রিত্বের দাবিও রেখেছেন। জোট সঙ্গীদের সন্তুষ্ট রাখতে হিসেব কষেছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে বাংলা থেকে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয় নাকি সেদিকেই নজর থাকবে।

জানা গিয়েছে, রবিবার নরেন্দ্র মোদী ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, রাজনাথ সিংয়ের মত বিজেপির শীর্ষ নেতারা শপথ নিতে পারেন। এছাড়া টিডিপি, জেডি(ইউ) ও শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) থেকে অন্তত একজন করে মন্ত্রিত্ব পেতে পারে বলে সূত্রে খবর।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube