শুক্রবার থেকে বন্ধ ছিল শিয়ালদহ স্টেশনের ৫ টি প্ল্যাটফর্ম। ইন্টারলোকিং সিগন্যালিং সিস্টেমের কাজের জন্য ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল। বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন। তার জেরে গত যাত্রী দুর্ভোগ চরম রূপ নেয়। ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন আমজনতা। অবশেষে রবিবার বেলা গড়াতেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর। বন্ধ প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে।
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার বেলা ১২ টা থেকেই শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এবার এই প্ল্যাটফর্মগুলিতে ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনও বাধা নেই। যার ফলে আজ বিকেল থেকেই যাত্রী দুর্ভোগ মিটবে বলেই আশা করছে পূর্ব রেল। শিয়ালদহ থেকে সব ১২ কামরার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কারণেই দফায় দফায় চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। যাত্রীদের সুবিধার্থে আগেই রেল জানিয়ে দিয়েছিল, শুক্রবার থেকে দুপুর ২ টো পর্যন্ত ১-৫ নং প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। এরপরও সমস্যা বিশাল আকার নেয়।
যাত্রীদের অভিযোগ ছিল, প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা জানানো হলেও কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই স্পষ্ট তালিকা দেওয়া হয়নি। এরফলে কখন কোন ট্রেন আসবে বা কোন ট্রেন বাতিল তা জানা যায়নি। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকায় রবিবার সকালে শিয়ালদহে পৌঁছে হয়রানির মুখে পড়তে হয়েছে অনেক যাত্রীদের। বিক্ষোভ শুরু হয় স্টেশন চত্বরে।
উল্লেখ্য, শুক্রবার থেকেই ট্রেন বাতিলের পাশাপাশি অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। মেইন লাইনের ট্রেনগুলি দমদম থকে যাত্রা শুরু করছে। অন্যদিকে, বনগাঁ-হাসনাবাদ শাখার ট্রেনগুলি দমদম ক্যান্টনমেন্ট থেকে চালানো হয়। ট্রেনের গণ্ডগোলের জেরে ঘটেছে মৃত্যুর ঘটনা। গত শুক্রবার টিটাগড়ে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

