।। সৌম্যজিৎ মিশ্র ।।
চলতি মাস থেকেই শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ । তার আগেই একবার করে নিজেদের ঝালিয়ে নিচ্ছে প্রত্যেকটি দল । এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল । কারণ, এবার তাদের দল একেবারে তারকায় ভরা । দলে যেমন রয়েছেন রোনাল্ডো, তেমনই রয়েছেন বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, দিয়েগো জোতারের মতন তারকারা । তবে মূল পর্বের আগে, ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেই ধাক্কা খেল পর্তুগাল । সি আর সেভেনকে ছাড়া খেলতে নেমে ক্রোয়েশিয়ার কাছে ২ – ১ ব্যবধানে হারতে হল তাদের ।
শনিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল । প্রথমার্ধে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া । দ্বিতীয়ার্ধে দিয়েগো জোতা গোল শোধও করে দেন । তবে ম্যাচের প্রায় ৫৬ মিনিটের মাথায় আন্তে বুদিমিরের গোলে জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার ।
এদিনের ম্যাচে দলে থাকলেও মাঠের বাইরেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তার জায়গায় এদিন গনসালো রামোসকে খেলায় সেলেসাওরা । ম্যাচ শুরু হতেই প্রায় ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া । স্পট কিক থেকে শট নিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক লুকা মদ্রিচ । এদিকে এক গোল হজম করেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল পর্তুগাল । কিন্তু সমানে সমানে লড়াইয়েও গোল শোধ করার সুযোগ তৈরী করতে পারছিল না রবার্তো মার্টিনেজের দল । ৩৫ মিনিটের মাথায় ক্রোয়েটরা তাদের ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত, যদি না কর্নার থেকে আসা বলে গাভার্দিওলের হেডে তা গোলপোস্টের বাইরে চলে যেত । ফলে অনেক চেষ্টার পরেও এক গোল এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া ।
তবে দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় গোল শোধ করেন জোতা । ডানপ্রান্ত থেকে আসা বল খুব কাছ থেকে জালে ঠেলে দেন লিভারপুল তারকা । কিন্তু ক্রোয়েশিয়া একটি গোল হজম করলেও দমে থাকেনি । অনেক চেষ্টার পর ৫৬ মিনিটে বুদিমিরের গোলে ফের এগিয়ে যায় তারা । ইভান পেরিসিচ বল বাড়ালে সেটি নিচু হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন পর্তুগালের এক ডিফেন্ডার । কিন্তু সেই বল পেয়ে যান পাসালিক । বল নিয়ন্ত্রণে নিতেই শট নেন তিনি, পোস্টে লেগে সেই শট ফিরে আসে । তারপর সেখান থেকে হেড করে বল জালে জড়ান বুদিমির । ম্যাচের ফলাফল দাঁড়ায় ২ – ১ । যদিও পর্তুগালের খেলোয়াড়রা অফসাইডের আবেদন জানিয়েছিল । কিন্তু তা বাতিল করে দেন রেফারি ।
শেষ পর্যন্ত লিড ধরে রেখে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া । যদিও পর্তুগালের এই হারের পর ফুটবল মহলের একাংশের দাবি, কোচ রবার্তো মার্টিনেজ দলের প্রত্যেককেই একবার করে যাচাই করে নিতে চাইছেন মূল পর্বের আগে । অপরদিকে ফুটবল মহলের ওপর অংশের দাবি, এই ফর্ম ক্রোয়েশিয়ার ধরে রাখলে আগামীতে তাদের আরও সুবিধা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

