রবিবাসরীয় মহারণের আগে এক নজরে ভারত-পাক প্রথম একাদশ

।। সৌম্যজিৎ মিশ্র ।।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর প্রথম একাদশে পরিবর্তনের কথা বলেছিলেন রোহিত শর্মা । পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কি সেই পরিবর্তন করছেন তিনি? নজর ছিল ক্রীড়া মহলের ।

দল সূত্রে যা খবর, প্রথম একাদশে কোনও পরিবর্তনই করা হচ্ছে না । অর্থাৎ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ১১ জনই মাঠে নামছেন রবিবার । আগের দিনের মতোই রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি । প্রথম ম্যাচে রান পাননি ঠিকই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পরিবর্তন করার ঝুঁকি নেননি দ্রাবিড় ।

যথারীতি তিন নম্বরে ও চার নম্বরে থাকছেন উইকেট রক্ষক – ব্যাটার ঋষভ পান্থ, সূর্য কুমার যাদব । সূর্যকুমার আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে থাকছেন বলেই খবর । ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে নামবেন অলরাউন্ডার শিবম দুবে । ব্যাটিং – এর পাশাপাশি প্রয়োজনে তাঁকে দিয়ে বোলিং করানো হবে বলেও খবর । এছাড়াও আরও তিন অলরাউন্ডারকে নামাবে ভারতীয় দল । ছয়ে নামবেন সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সাথে রবীন্দ্র জাদেজা এবং আট নম্বরে ব্যাট করতে নামবেন অক্ষর পটেল । তবে সূত্রের খবর, অক্ষর পটেলের পরিবর্ত হিসাবে কুলদীপ যাদবের নাম নিয়েও আলোচনা চলছে । শেষে থাকবেন তিন জোরে বোলার । নয়ে যশপ্রীত বুমরা, তারপরেই আর্শদীপ সিংহ । শেষ একাদশে থাকবেন মহম্মদ সিরাজ ।

অপরদিকে সমস্যায় পাকিস্তান দল । প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরেছে তারা । তাই ভারতের বিরুদ্ধে এই ম্যাচ তাদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াই । কিন্তু ম্যাচ শুরুর আগেই দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার নিয়ে সংশয়ে বাবররা । অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের পাঁজরে চোট রয়েছে । যার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি । এখন ভারতের বিরুদ্ধে তিনি নামবেন কি না তা নিয়ে ধোঁয়াশা । ফলে ফর্মে না থাকা আজম খানকে নামাতে পারেন বাবার আজম ।

ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনও করেন ইমাদ, কিন্তু তিনি না থাকায় স্পিনারের ভূমিকায় দেখা যেতে পারে শাদাব খানকে । ইমাদ পাকিস্তান দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য । দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ইমাদের কাছে । পাকিস্তানের হয়ে ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান করেছেন ইমাদ । এমনকি দলের হয়ে ৭০ টি উইকেট রয়েছে তাঁর দখলে । গত কয়েক বছরে তেমন সুযোগ না পেয়ে অবসর নিয়েছিলেন ইমাদ, তবে চলতি বছর সেই অবসর ভেঙে আবারও ফিরেছেন দলে । তাই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেই অভিজ্ঞতাকেই প্রয়োজন ।

কিন্তু তিনি চোটের কারণে না থাকায় সমস্যায় পড়েছে পাকিস্তান । এদিকে আজমের এখনও রোহিতদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই । তাই ম্যাচের আগে ইমাদের চোট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে দল, খবর সূত্রের । এখন দেখার ভারতের বিরুদ্ধে ইমাদ মাঠে নামতে পারেন কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube