দেশ বদল চায়, কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গঠনের ইঙ্গিত মমতার!

‘আবকি বার ৪০০ পার’ স্লোগান উঠলেও এনডিএ জোট ৩০০-র গণ্ডি পার করতে পারেনি। ২৪০ আসনে থামতে হয়েছে বিজেপিকে। শরিক দলগুলির উপর ভরসা করেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এনিয়ে বিরোধী জোট আক্রমণ শানাতেও পিছপা হয়নি। শনিবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার গঠনের ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কালীঘাটে মেগা বৈঠক শেষে জয়ী সাংসদদের পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘এটা কেউ ভাববেন না ইন্ডিয়া জোট আজকে প্রসারিত হয়নি বলে কাল হবে না। আমরা পরিস্থিতি উপর নজর রাখছি এবং অপেক্ষা করছি। দেশ বদল চায়। মোদীকে কেউ চায় না।’ কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, এত বড় হারের পর মোদীবাবুর উচিৎ ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীর সরে আসার দাবি করেন।

এরপরই তৃণমূল নেত্রী দাবি করেন, ‘শেষ পর্যন্ত ইন্ডিয়া নতুন সরকার গঠন করবে। একটু দেখতে দিন সকলকে, কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে।’ তাঁর সংযোজন, ‘এনডিএ ও ইন্ডিয়া’র তফাৎ কী জানেন? এনডিএ-তে যে দলগুলি আছে সকলের প্রতি শ্রদ্ধা আছে আমার, কিন্তু তাদের চাওয়াটা বেশি আছে। কিন্তু আমরা (ইন্ডিয়া) কিছু চাই না। আমরা মানুষ ও দেশের ভালো চাই। আমরা দায়বদ্ধ। সুতরাং আমাদের এখন অপেক্ষা করতে হবে।’

রবিবার সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ‘এন’ ফ্যাক্টর অর্থাৎ চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দুজনেই নিজের সমর্থন জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হল। এখন প্রশ্ন উঠছে, তবে কি নীতীশ -নায়ডু জোট বদল করতে পারেন! তবে পরিস্থিতি কোন দিকে ঘুরবে তা জানতে অপেক্ষা করতেই হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube