ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের! উত্তেজনা হাসপাতালে

শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এরফলে শুক্রবার সকালে অফিস টাইমে বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। তবে মৃতের পরিবারের তরফে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

মৃতের নাম মহম্মদ আলী হাসান আনসারী (২০)। টিটাগড় পুরানি বাজারের বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকাল ৮ টা ৩২ নাগাদ স্টেশন থেকে ট্রেনে ওঠেন তিনি। ২০০ মিটার এগোনোর পরই ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে বি এন মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, চিকিৎসার ১০ মিনিটের মধ্যেই যুবকের মৃত্যু হয়। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় টিটাগড় থানার পুলিশ। হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, ইন্টারনাল হেমারেজের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।

উল্লেখ্য, রবিবার দুপুর ২ টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। তাই অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এরফলে বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট, শান্তিপুর, ব্যারাকপুর, কল্যাণী শাখার যাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে বলে অনুমান করা হয়েছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube