।। মধুরিমা ভৌমিক ।।
শুরু হয়েছে জুন মাসের অস্বস্তিকর গরম । এই গরমে যখন প্রাণটা হাঁসফাঁস করছে তখন দু-একদিনের ছুটিতে একটু ঘুরে আসাই যায় কোথাও একটা । খুব কম সময়ে, কম খরচে কোথায় যাওয়া যায়? আসুন দেখে নেওয়া যাক।
শঙ্করপুর

ভিড়ভাট্টা যদি আপনি পচ্ছন্দ না করেন তাহলে ঘুরে আসতে পারেন শঙ্করপুর থেকে । দিঘা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুরের দু’টি রূপ । একটি নিরিবিলি সমুদ্র সৈকত । আর অন্যটি কোলাহলে পরিপূর্ণ মৎস্যবন্দর । শঙ্করপুর প্রবেশের ডান দিকে রয়েছে এই মৎস্যবন্দরটি । আর বাঁ দিকে বাঁকলেই পেয়ে যাবেন নির্জন সমুদ্র সৈকত । সেখানে রয়েছে হাজার হাজার ঝাউগাছের সারি । রয়েছে কেয়া গাছের ঝোপও । কোলকাতা থেকে ৫ ঘণ্টার দুরত্বে অবস্থিত এই সমুদ্রসৈকতে ঘুরে আসতে পারেন কম খরচে ।
চাঁদিপুর

ওড়িশার বালেশ্বর জেলার একটি সমুদ্রতট এই চাঁদিপুর সৈকত । কলকাতা থেকে পৌঁছতে সময় লাগে সাত ঘণ্টার মতো । এই জায়গার বৈশিষ্ট্য হল , ভাটার টানে জল প্রায় ৫ কিলোমিটার দূরে চলে যায় । এই কারণে এই স্থানের আরেক নাম অদৃশ্য সমুদ্র । চাঁদিপুরে থেকে ঘুরে আসা যায় পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড জলপ্রপাত, নীলগিরি জগন্নাথ মন্দির, ইমামী জগন্নাথ মন্দির, খিরাচরা গোপীনাথ মন্দির, বুড়িবালাম নদীর মোহনা সহ নানা স্থান।
মায়াপুর

কলকাতা থেকে ১২৩ কিলোমিটার দূরে অবস্থিত নদিয়ার মায়াপুর । পৌঁছোতে ৪ ঘণ্টার মতো সময় লাগে । হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এটি । এখানকার প্রধান আকর্ষণ ইসকনের মন্দির, শ্রী চৈতণ্য মঠ, চাঁদ কাজির সমাধি, শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ এবং যোগ পীঠ। সন্ধ্যার সময় সূর্যাস্তের দৃশ্যের কোনও তুলনা হয় না ।
বর্ধমান

এই জুন মাসে ঘুরে যেতে পারেন ইতিহাসের শহর বর্ধমান থেকে । নিজের গাড়িতে বা ট্রেনে চেপে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে জেলা ভ্রমণ করে নিতে পারেন অনায়াসে । যাতায়াত এবং ভ্রমণ মিলিয়ে একটা দিনই যথেষ্ট । কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব ১০৩ কিলোমিটার । দেড় ঘণ্টাতেই সেখানে পৌঁছনো যায় । বর্ধমান শহরের প্রবেশদ্বার কার্জন পার্ক থেকে যাত্রা শুরু করা যেতেই পারে ।

দেখে নিন পীর বাহারামের মাজার, শের আফগানের সমাধি, সর্বমঙ্গলা মন্দির, কঙ্কালেশ্বরী কালী মন্দির, ১০৮ শিব মন্দির (নবাবহাট), খাজা আনোয়ার বেড় (নবাব বাড়ি), গোলাপবাগ (বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

