।। পম্পি রায় ।।
বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো করে থাকেন । তেমনই একটি হল আচার হল জামাই ষষ্ঠী । বাঙালি মায়েরা জামাইকে সন্তানের মতই দেখেন; তাই সেখানে জামাই আদরে কোনও কমতি রাখেন না শাশুড়ি মা-রা ।

২০২৪ সালে কবে জামাই ষষ্ঠী?
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় । এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন । চলতি বছরে আগামী ১২ জুন বুধবার জামাই ষষ্ঠী পড়েছে । বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পালিত হবে ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১ ।

জামাই ষষ্ঠীর ইতিহাস:
জামাই ষষ্ঠী নিয়ে দু’টি গল্প প্রচলিত আছে । একসময় সংস্কার ছিল, মেয়ের বিয়ের পর যতদিন না সন্তান হচ্ছে, ততদিন মেয়ের মুখ দেখতে পারতেন না বাবা-মা । দেখা হওয়ার আশায় দীর্ঘদিন অপেক্ষা থাকতেন উভয়ই । তখন মেয়ের মুখ দর্শনের জন্য সমাজে জামাই ষষ্ঠীর রীতি প্রচলিত হয় । জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসেবে বেছে নেওয়া হয় । মেয়ে ও জামাই-এর মুখ দর্শনের পাশাপাশি সন্তান লাভের আশায় মা ষষ্ঠীর পুজো করা হয় এদিন ।

আরও একটি কথিত গল্প হল, এক পরিবারের দুই বউ ছিল । তাঁদের মধ্যে ছোট বউ বেশ লোভী প্রকৃতির ছিলেন । রান্না করা ভালো খাবার খেয়ে বিড়ালের উপর দোষ দিতেন তিনি । এদিকে বিড়াল হল মা ষষ্ঠীর বাহন । নিজের বাহন বিড়ালের উপর এই অভিযোগ শোনার পর অত্যন্ত ক্রুদ্ধ হন মা ষষ্ঠী । শাস্তি স্বরূপ ছোট বউ-এর সন্তান কেড়ে নেন তিনি । মা ষষ্ঠী বৃদ্ধার বেশে এসে ছোট বউকে তাঁর ভুল ধরিয়ে দেন । অন্যায় স্বীকার করে নেন ছোট বউও । এরপর ছোট বউ এর সন্তান ফিরিয়ে দেন মা ষষ্ঠী । তারপর থেকেই সন্তান লাভ ও মেয়ে-জামাই-এর আপ্যায়নে শুরু হয় জামাই ষষ্ঠী ।

জামাই ষষ্ঠীর আচার:
প্রথমে জামাইকে শান্তির জল ছিটিয়ে দেন শাশুড়ি মা । এরপর হাতে হলুদ সুতো বেঁধে শুরু হয় জামাইষষ্ঠী । শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধান, দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করেন শ্বাশুড়ি মা । জামাইকে উপহারও দেন তিনি । বিভিন্ন পদ দিয়ে জামাইয়ের পাত সাজিয়ে দেওয়া হয় । ফলাহার দিয়ে জামাইয়ের আহার শুরু হয় । তখন তালপাতার পাখা দিয়ে হাওয়া দিতে থাকেন শাশুড়ি মা ।

জামাই এর আহার:
প্রাতরাশে লুচি, আলুরদম, ছোলার ডাল সহ আরও নানাবিধ খাবার ও রকমারি মিষ্টি দেওয়া হয় জামাইকে । জলখাবারের পর দুপুরের প্রীতিভোজে কেউ রাখেন ভাত, ঘি, কেউ বা পোলাও । মাছের মুড়ো দিয়ে ডালও বেশ প্রচলিত । একই সঙ্গে জামাইয়ের পাতে থাকে কাতলা, ইলিশ, চিংড়ির পদ, কচি পাঠার ঝো । শেষ পাতে থাকে পাপড়, চাটনি, মিষ্টি, আইসক্রিম আরও অনেক কিছু ।

আধুনিক সময়ে দাঁড়িয়ে এখন রেস্টুরেন্টেও পাওয়া যায় জামাই ষষ্ঠী স্পেশ্যাল থালি । বাড়ির সদস্যরা সকলে আনন্দে মেতে ওঠেন এই দিনটিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

