।। সৌম্যজিৎ মিশ্র ।।
চলতি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদিনই কোনও না কোনও দল নয়া নজির গড়ছে । এবার সেই তালিকায় নাম লেখালো আফগানিস্তান । শনিবার গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান – নিউজিল্যান্ড । সেই ম্যাচেই আফগানিস্তানের ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্ল্যাক ক্যাপরা থমকে যায় মাত্র ৭৫ রানে । যা টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই অন্য ফরম্যাটেও রশিদদের নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় । এমনকি রশিদ খান আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক যিনি নিউজিল্যান্ডকে হারালেন ।

প্রথমে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড । ব্যাট করতে নেমে ওপেনিং জুটি গুরবাজ ও জাদরান স্কোরবোর্ডে যোগ করেন ১০৩ রান । গুরবাজ ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন । আর তাঁকে সঙ্গ দিয়ে জাদরান ৪১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন । ২০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৯ রান । জবাবে ১৬০ রানের লক্ষ্য মাত্র নিয়ে ব্যাট করতে নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারল না ব্ল্যাক ক্যাপ বাহিনী । ৮৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল আফগানিস্তান ।
ম্যাচে বোলার ফারুকীর দারুন ফর্ম এই জয়কে আরও সহজ করে তোলে । তিনি নিজের প্রথম ৩ ওভারেই তুলে নেন ৩ জন কিউই ব্যাটারকে । ফারুকী তাঁর প্রথম বলেই ভাঙেন ফিন অ্যালেনের স্ট্যাম্প । পরের ওভারেই তুলে নেন আর এক ওপেনার ডেভন কনওয়েকে । শেষে তৃতীয় ওভারে সাজঘরে ফেরান ছন্দে থাকা ড্যারিল মিচেলকেও । আর পাওয়ার প্লে শেষ হতেই কিউইদের ভাঙার কাজটি শুরু করেন অধিনায়ক রশিদ খান। শুরুটা করেন ৯ রান করা উইলিয়ামসনকে দিয়ে । এরপর একে একে তুলে নেন মার্ক চ্যাপম্যান (৭), মাইকেল ব্রেসওয়েল (০) ও লকি ফার্গুসনের (২) উইকেট । পাশাপাশি এই ম্যাচে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারকে সাজঘরে ফেরান মোহাম্মদ নবীও ।

শনিবারের এই ম্যাচ জয়ের পর টানা দুই বড় জয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করল আফগানরা । উল্লেখ্য, আগেও আফগানিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরের সাথে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছে । কিন্তু, সেই চারটি ম্যাচেই জিতেছে কিউইরা । তবে এবার ২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই বধ করে নয়া ইতিহাস গড়ে ফেললেন রশিদ খান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

