।। অর্পিতা দাশগুপ্ত ।।
গত দশ বছরে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তৃতীয়বার সরকার গড়তে এনডিএ জোটের উপরেই নির্ভরশীল হতে হয়েছে তাদের। নানা জল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত শরিক দলগুলি মোদীর দিকেই তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। রবিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে কৌতূহল বাড়াচ্ছে, তাঁর সঙ্গে শপথ নেবেন আর কারা? মোদীর মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হবে! শনিবারই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রে খবর, তার আগে শনিবার এনডিএ জোটের শরিক দলগুলির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে খবর সূত্রের। এদিনের বৈঠকেই চূড়ান্ত করা হবে কাকে কোন মন্ত্রক দেওয়া হবে। বিজেপি কোন মন্ত্রকগুলি ছাড়বে এবং শরিকদলগুলিকে কোন মন্ত্রকের দায়িত্বে দেওয়া হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
সূত্রে খবর, আগামী ৯ জুন বিকেলে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রথম সারির কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। তালিকায় রয়েছেন, অমিত শাহ, নিতিন গড়করি , রাজনাথ সিং। মোদীর মন্ত্রিসভায় টিডিপি ও জেডি(ইউ)-এর অন্তত একজন করে সাংসদ থাকতে পারে বলে খবর।
২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election) নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্বদের মুখে শোনা গিয়েছিল ‘আবকি বার ৪০০ পার’ স্লোগান। কিন্তু ৪ জুন ফল প্রকাশের পর দেখা যায়, এনডিএ জোট ৩০০-র গণ্ডিও পার করতে পারেনি। বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ২৪০ টি আসন। একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় শরিক দল টিডিপি ও জেডি(ইউ)-এর দিকেই তাকিয়ে থাকতে হয়েছে বিজেপিকে। সকল জটিলতা কাটিয়ে রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

