উত্তরপ্রদেশে সাফল্য ইন্ডিয়া জোটের, যোগীরাজ্যে ‘ধন্যবাদ যাত্রা’ করবেন রাগা

।। অর্পিতা দাশগুপ্ত ।।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় সাফল্য পেয়েছে ইন্ডিয়া জোট। বিজেপির ‘শক্তিশালী ঘাঁটি’ বলে পরিচিত এই রাজ্যে তাদের ঝুলিতে এসেছে ৪৩ টি আসন। মাত্র ৩৩ টি আসনেই থামতে হয়েছে পদ্ম শিবিরকে। এই সাফল্যের জন্য উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’ করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। চলতি মাসেই শুরু হবে এই কর্মসূচি।

জানা গিয়েছে, আগামী ১১ জুন থেকে ১৫ জুন উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করেছে কংগ্রেস (Congress)। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এই কর্মসূচিতে পা মেলাবেন। উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভাতেই এই ‘ধন্যবাদ যাত্রা’ হবে বলে খবর। এই কর্মসূচি চলাকালীন চলবে জনসংযোগ। পাশাপাশি ভারতীয় সংবিধানের একটি করে প্রতিলিপি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৮০ টি লোকসভা কেন্দ্র রয়েছে। রাজনৈতিক মহলে একটি কথা আছে, ‘উত্তরপ্রদেশ যার কেন্দ্রের সরকারও তার।‘ অর্থাৎ যে দল এখানে জয়ী হয় তারাই কেন্দ্রে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ এই রাজ্যের বারাণসী কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। চলতি নির্বাচনে এখান থেকেই সাংসদ নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন তিনি। তবে ২০১৯-এর তুলনায় জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। উত্তরপ্রদেশে বিজেপি ৩৩ টি আসন পেয়েছে। গতবার তাদের ঝুলিতে ছিল ৬২ টি আসন। চলতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ৪৩ টি আসন। উল্লেখযোগ্য বিষয়টি হল, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া অয্যোধ্যায় হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে।

উত্তরপ্রদেশে ৬ টি আসনে জিতেছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের (INDIA Bloc) শরিক দল সমাজবাদী পার্টি জয়ী হয়েছে ৩৭ টি আসনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ২০১৯-এ এই রাজ্যের আমেঠি কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাগা। এবারে আর সেখানে প্রার্থী হননি। তাঁর জায়গায় কিশোরী লাল শর্মাকে টিকিট দেওয়া হয়েছিল। স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠি পুনরুদ্ধার করতে সক্ষম হয় কংগ্রেস। এরপরই উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাতে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করে হাত শিবির।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube