।। অর্পিতা দাশগুপ্ত ।।
লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল সাফল্য লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২৯ আসনে জয়, কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। এরপরই শনিবার দলের জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি এখন থেকে কৌশল ঠিক করবে শাসক দল!
শনিবারের বৈঠকে নির্বাচিত ২৯ জন সাংসদ ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব, জেলা সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জয়ী সাংসদদের মধ্যে অনেকেই এবারে নতুন মুখ রয়েছে। তাঁদের দিকে বিশেষভাবে নজর থাকবে। এছাড়া সংসদে তৃণমূলের নির্বাচিত সাংসদদরা কোন কোন বিষয়গুলি নিয়ে কথা বলবেন, সেইগুলি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও যে কেন্দ্রগুলিতে তৃণমূলের পরাজয় হয়েছে সেখানেও হারের কারণ বিশ্লেষণ করা হবে বলে খবর।
লোকসভা নির্বাচন মিটতেই তৃণমূলের এই বৈঠকে ডাক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও জানা গিয়েছে, পরাজিত আসনগুলিতে সংগঠনের যে ত্রুটি রয়েছে সেই বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একইসঙ্গে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে শরিক হিসেবে তৃণমূলের কী ভূমিকা থাকবে সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, ভোটের ব্যস্ততার কারণে প্রায় দু’মাস কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই প্রশাসনিক কাজে নজর দিয়েছেন তিনি। আগামী ১১ জুন নবান্নে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে কোথায় কী কাজ বাকি রয়েছে, কোনগুলি জরুরী, সেইসব বিষয়ে আলোচনা হবে বলে খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

