।। অর্পিতা দাশগুপ্ত ।।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পর এবার শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে মেগা বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তদন্তের দাবি করেন তৃণমূল নেত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক্সিট পোলের মধ্যে দিয়ে শেয়ার বাজারে বড় দুর্নীতি হয়ে গিয়েছে।‘ তিনি প্রশ্ন তোলেন, ‘একদিনে এক্সিট পোলের নামে শেয়ার কী করে এতটা বেড়ে গেল? কে কে জড়িত আছেন?’ যোগ করেন, ‘শেয়ার বেড়ে যাওয়া, কমা আমি বুঝতে পারি না কিন্তু পেপারে কিছু জিনিস দেখছি, সেখান থেকে বোঝা যাচ্ছে ‘ডাল মে কুছ জরুর কালা হে।‘‘ এই অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরই এক্সিট পোল প্রকাশ্যে আসতে শুরু করে। এরপরই লাফ দিয়ে বেড়েছিল শেয়ার বাজার। নরেন্দ্র মোদী ও অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ফল প্রকাশের পরই ছবি পাল্টে যায়। রেকর্ড পতন ঘটে শেয়ারে।
শেয়ারের ওঠা-নামা নিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন শেয়ার বাজার এবং সেখানে বিনিয়োগ করা নিয়ে কথা বলছেন?’ কংগ্রেস সাংসদের দাবি, বিজেপি জানত যে তারা ৪০০ পার করতে পারবে না। তাই নির্দিষ্ট কিছু সংস্থার মুনাফা করে দিতে এই ‘দুর্নীতি’ করা হয়েছে। রাহুল গান্ধীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়, শেয়ার বাজারের দুর্নীতিতে তদন্তের দাবি করলেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

