শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের চার জেলায় । বাকি জেলাতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস । পার্বত্য এলাকাসহ পাঁচ জেলা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে দেরী বর্ষার । আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কম । উত্তরবঙ্গে ৩১ শে মে থেকে একই জায়গায় আটকে মৌসুমী অক্ষরেখা । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত । অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে । আগামী তিন চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু । পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু । আগামী তিন দিনের মধ্যে মুম্বাই শহরেও ঢুকে পড়বে বর্ষা ।
একই সঙ্গে জানা যাচ্ছে, ঘূর্নাবর্ত রয়েছে সৌরাষ্ট্র, মধ্যপ্রদেশ, আসাম, তেলেঙ্গানা, বিহার, উত্তর প্রদেশ এর ওপরে । ঘূর্নাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে ।
দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে । উইকেন্ডে গরম আরও বাড়বে । দু’দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে । সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম । আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে ।
★মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ।
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অস্বস্তি চরমে ।
★তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।
আজ ও আগামীকাল পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং বাঁকুড়া এই তিন জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । সোমবার থেকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার, সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ।
উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে । তবে বাড়বে তাপমাত্রা; আগামী ২ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলেই খবর ।
★ অন্যদিকে শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার । দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে ।
★রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
★সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে ।
★মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতায় গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ । সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ । তাপমাত্রা আরও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ ।
★তাপমাত্রা ৪৩ ডিগ্রি থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে রাজধানী দিল্লিতে । হরিয়ানা, দক্ষিণ উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহারে ও সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁতে পারে । এই কয়েকটি রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক থেকে ২ বা ৪ ডিগ্রি ওপরে থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । তাপপ্রবাহের পরিস্থিতি এবং সতর্কতা থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা এবং বিহারে।
★প্রবল বর্ষণ হবে মুম্বাইতে ।আগামী কয়েক দিনে কোঙ্কন গোয়া, মধ্য মহারাষ্ট্রে ভারী বর্ষণের আশঙ্কা । ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পন্ডিচেরি, রায়েলসীমা এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা । ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে । মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি আগামী কয়েক দিনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

