।। অর্পিতা দাশগুপ্ত ।।
যাবতীয় জল্পনার অবসান! তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ‘এন’ ফ্যাক্টর অর্থাৎ চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দুজনেই নিজের সমর্থন জানিয়েছেন। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন রাজনাথ সিং। তাঁর প্রস্তাবে সম্মতি জানান উপস্থিত সাংসদরা।
এনডিএ (NDA) জোটের নির্বাচিত সাংসদদের নিয়ে শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে একটি বৈঠক হয়। জোট বদলের আশঙ্কা উড়িয়ে বৈঠকে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার (Nitish Kumar) এবং টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। প্রধানমন্ত্রীর পাশেই রাখা হয় তাঁদের আসন। এই বৈঠকে নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাবে সমর্থন জানান নীতীশ-নায়ডু ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, চিরাগ পাসওয়ান, প্রমুখ।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কাছে সরকার গড়ার প্রস্তাব জানাবে বিজেপি। আগামী রবিবার (৯ জুন) তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, গত দু’বারই একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি (BJP)। কিন্তু এবারে সরকার গড়তে এনডিএ জোটের উপরেই ভরসা করতে হচ্ছে তাদের। শরিক দলগুলিও সুযোগ বুঝে নিজের দাবি সামনে আনছেন। মন্ত্রক নিয়েও চলছে দর কষাকষি। এই সব পরিস্থিতি সামলে হ্যাট্রিক হল মোদী সরকারের। এদিন বৈঠক বক্তব্য রাখতে গিয়ে এনডিএ জোটের প্রশংসা শোনা যায় নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

