ফের বাতিল ট্রেন। শুক্রবার থেকেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। আগামী রবিবার দুপুর পর্যন্ত সমস্যার মুখে পড়তে হতে পারে তাঁদের। কারণ প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য আজ থেকেই বন্ধ থাকছে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম। কোনও ট্রেন চলবে না ওই প্ল্যাটফর্মগুলিতে। যার ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
সূত্রে খবর, রবিবার দুপুর ২ টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নং প্ল্যাটফর্মে কোনও ট্রেন ঢুকবে না। তাই অনেক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না থাকলেও অনুমান, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট, শান্তিপুর, ব্যারাকপুর, কল্যাণী শাখার যাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে। এনিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের কাছে সমস্ত তথ্য তুলে ধরা হবে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত মোট ৮৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।
এই কয়েকদিন অনেক ট্রেনই দমদম কিংবা দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করছে। কাজ চলাকালীন শিয়ালদহ-উত্তর ও মেন শাখায় কেবল ১২ কোচের লোকাল ট্রেন চালানো হবে। ৫ থেকে ১১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করবে। প্রয়োজন হলে ১২-১৩ প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে বলে খবর।
প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলেও খবর। তালিকায় আছে, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, হাটে-বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল সুপারফাস্ত এক্সপ্রেস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

