শরিকদের সঙ্গে হিসেব-নিকেষে BJP নেতৃত্ব, মোদীর মন্ত্রিসভায় জায়গা পাবে বাংলা?

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অর্পিতা দাশগুপ্ত ।।

নানা জল্পনা শেষে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শরিক দলগুলি তাঁকে সমর্থন করলেও মন্ত্রিত্বের দাবি করেছে। এনিয়ে বৈঠকে বসেছে বিজেপির নেতৃত্ব। এরইমধ্যে একটি প্রশ্ন উঠছে, বাংলা থেকে কি এবারে কেউ মোদীর মন্ত্রিসভায় জায়গা পাবেন? বেশ কয়েকটি নাম উঠে আসলেও এখনও কিছুই চূড়ান্ত নয়।

নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মূল ছিল ‘N’ ফ্যাক্টর। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নেতা নীতীশ কুমার এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। বুধবার  এনডিএ জোটের বৈঠকে উপস্থিত থেকে নরেন্দ্র মোদীকেই সমর্থন দেন দুই শরিক দলের প্রধান। সূত্রে খবর, টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু স্পিকার পদের পাশাপাশি ৮ টি মন্ত্রক, জেডি (ইউ) নেতা নীতীশ কুমার পাঁচটি মন্ত্রক, শিন্ডের শিবসেনা ৩ পূর্ণমন্ত্রী ও ২ টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছে। চলছে হিসেব-নিকেষ। এরফলে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

উঠে আসছে তমলুকের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তবে এখনও এই জল্পনায় সিলমোহর পড়েনি। চলতি নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। মোদী-শাহ ৩৫ আসনের টার্গেট বেঁধে দিলেও ১২-তেই থেমেছে দৌড়। ২০১৯-এর তুলনায় কমেছে আসন সংখ্যা, হারের মুখ দেখতে হয়েছে হেভিওয়েট প্রার্থীদের। এনিয়ে বৈঠক করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বদের। ফলে মোদীর মন্ত্রিসভায় বাংলা গুরুত্ব পাবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর দেবশ্রী চৌধুরী ও তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দুজনকেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়। চলতি নির্বাচনে টিকিট দেওয়া হয়নি জন বার্লাকে, পরাজিত হয়েছেন নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার। একমাত্র শান্তনু ঠাকুর জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁকে কি এবারও মন্ত্রিত্বের তালিকায় রাখবে বিজেপি, তা নিয়েও চলছে জল্পনা।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube