।। অর্পিতা দাশগুপ্ত ।।
‘আবকি বার ৪০০ পার’, নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্বের মুখে এই স্লোগান থাকলেও ৩০০-র গণ্ডি পেরোতে পারেনি এনডিএ জোট। ক্ষমতায় আসার পর প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গড়তে শরিক দলগুলির উপরই নির্ভর করতে হবে পদ্ম শিবিরকে। জোটসঙ্গীরা নিজেদের সমর্থন জানালেও মন্ত্রিসভায় জায়গা দাবি করতে পিছপা হয়নি। এই পরিস্থিতিতে এবার জরুরী বৈঠকে বসল অমিত শাহ, জে পি নাড্ডা।
এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা পেলেও আসরে ছিল ইন্ডিয়া জোট। নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মূল ছিল ‘N’ ফ্যাক্টর। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নেতা নীতীশ কুমার এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। কারণ, এই দুজনই এক না এক সময়ে এনডিএ-র সঙ্গ ছেড়ে বিরোধী জোটের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তারপর আবার ফিরেও এসেছেন। তাই তাঁদের দিকেই বিশেষ নজর ছিল। তবে বুধবার এনডিএ জোটের বৈঠকে উপস্থিত থেকে নরেন্দ্র মোদীকেই সমর্থন দেন নীতীশ-নায়ডু। এরপরই শুরু হয় ‘সমঝোতা’।
সূত্রে খবর, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু ইতিমধ্যেই মন্ত্রিত্বের দাবি জানিয়েছেন। পিছিয়ে নেই জেডি (এস) নেতা চিরাগ পাসওয়ান এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। শরিকদের মন রাখতে কীভাবে মন্ত্রক বণ্টন করা হবে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসেন অমিত শাহ, রাজনাথ সিং ও জেপি নাড্ডা।
জানা গিয়েছে, চন্দ্রবাবু নায়ডু স্পিকার পদের পাশাপাশি অর্থ, পরিবহণ, প্রতিরক্ষা, শিক্ষা সহ ৮ টি মন্ত্রকের দাবি জানিয়েছেন। নীতীশ কুমারের তরফে রেল, পরিবহণ, সড়ক সহ পাঁচটি মন্ত্রকের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, একনাথ শিন্ডের শিবসেনা ৩ পূর্ণমন্ত্রী ও ২ টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছে। শেষপর্যন্ত বিজেপির নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

