আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রে ভারতীয় বিশ্ববিদ্যালগুলির মান উন্নয়ন । সদ্য প্রকাশিত কিউ এস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং ২০২৫-এ, বেশ কয়েকধাপ উঠে এল দেশের দু-দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান । ১৪৯তম স্থান থেকে ১১৮তম স্থানে উঠে এল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে । ১৯৭ থেকে ১৫০-এ উঠে এল আই আই টি দিল্লি । ২২৫ থেকে ২১১ তে উঠে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু ।
বুধবারই প্রকাশিত হয়েছে কিউ এস ওয়ার্লড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ । সেখানে দেখা যাচ্ছে, ২০২৪-এর তুলনায় ২০২৫ সালে, ৬১% ভারতীয় বিশ্ববিদ্যালয়, তাদের আগের ক্রম তালিকা থেকে উপরের দিকে উঠে এসেছে । যার মধ্যে রয়েছে আই আই টি বম্বে, আই আই টি দিল্লি এবং আই আই এস, বেঙ্গালুরু ।

কিউ এস ওয়ার্লড ইউনিভার্সিটি র্যাংকিং-এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেশের মধ্যে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বম্বে । বিশ্বে তাদের স্থান ১১৮ । দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি । আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের স্থান ১৫০ । দেশে তৃতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু । বিশ্বে তাদের স্থান ২১১ । চতুর্থ স্থানে আই আই টি খড়গপুর । বিশ্ব পর্যায়ে তাদের স্থান ২২২ । এরপরেই আছে আই আই টি মাদ্রাজ । আন্তর্জাতিক স্তরে তারা এখন ২২৭ নম্বর স্থানে । দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আইআইটি কানপুর । ২৭৮ থেকে তারা উঠে এসেছে ২৬৩ নম্বরে । ৪০৭ থেকে ৩২৮ নম্বরে উঠে এসেছে দিল্লি বিশ্ববিদ্যালয় । দেশের মধ্যে অষ্টম, নবম এবং দশ স্থানে রয়েছে যথাক্রমে আই আই টি রুরকি, আই আই টি গুয়াহাটি এবং আন্না বিশ্ববিদ্যালয় ।
তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ২৩ ধাপ নেমে গেছে আই আই টি ইন্দোর । তারা এখন ৪৭৭ নম্বরে । এছাড়া দেশের সেরা ১৫-র মধ্যে রয়েছে আই আই টি বারানসি, জেএনইউ, শুলিনি ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স এবং সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি, পুনে । ১৬ নম্বর স্থানে উঠে এসেছে সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ।
এবার দেখা যাক তালিকার শীর্ষে রয়েছে কোন কোনও শিক্ষাপ্রতিষ্ঠান । টানা ১৩ বছর এই তালিকার শীর্ষে থাকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এম আই টি) এবারও গ্লোবাল র্যাংকিংয়ে তাদের অবস্থান ধরে রেখেছে. ঐতিহ্যশালী অক্সফোর্ড এবং কেমব্রিজকে পেছনে ফেলে প্রথমবারের মত দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ডের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান – ইমপেরিয়াল কলেজ লন্ডন । প্রসঙ্গত, দশ বছর আগে ইমপেরিয়াল কলেজ কেমব্রিজের সঙ্গে তারা যৌথভাবে এই তালিকার দ্বিতীয় স্থানে ছিল
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাংকিংয়ে তৃতীয় স্থানটি ধরে রাখতে পারলেও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কিন্তু দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চমে । হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আগের বছরের মতই চতুর্থ এবং ইউসিএল নবম অবস্থানে রয়েছে । সব মিলিয়ে ব্রিটেনের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ দশে স্থান করে নিয়েছে এবার । যে ৯০টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়কে কিউএস র্যাংকিংয়ের জন্য বিচারের তালিকায় রাখা হয়েছে, তার মধ্যে ২০টির অবস্থান, গতবারের চেয়ে ভাল হয়েছে ।
বিশ্বের ১০০টির বেশি দেশের ১৫০০টি বিশ্ববিদ্যালয় এই কিউ এস ওয়ার্লড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের আওতাভুক্ত ছিল । ১ লক্ষ ৭৫ হাজার ৭৬৮ জন শিক্ষাবিদ এবং ১ লক্ষ ৫ হাজার ৪৭৬ জন নিয়োগকর্তার মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয় । বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, নিয়োগযোগ্যতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার সহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে কিউএস ।
এবারের এই তালিকায় প্রথম কুড়ির মধ্যে মধ্যে চিনের দু’টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে । যার মধ্যে পিকিং বিশ্ববিদ্যালয় ১৭তম স্থান থেকে ৩ ধাপ এগিয়ে, ১৪তে উঠে এসেছে । আর সিনহুয়া বিশ্ববিদ্যালয় ২৫তম স্থান থেকে পাঁচ ধাপ এগিয়ে, উঠে এসেছে দশম স্থানে । এছাড়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে টপ টুয়েন্টির মধ্যে ।
তালিকায় ২৭তম স্থানে রয়েছে এডিনবরো ইউনিভার্সিটি । ম্যানচেস্টার ইউনিভার্সিটি নেমে গেছে ৩৪ নম্বরে । লন্ডনের কিংস কলেজ যৌথভাবে ৪০তম স্থান ধরে রেখেছে । লন্ডন স্কুল অব ইকোনমিক্স যৌথভাবে ৫০তম স্থানে রয়েছে কিউ এস ওয়ার্লড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

