‘প্রধানমন্ত্রী’ মোদীর হ্যাট্রিক, শপথ গ্রহণ কবে? অতিথি তালিকায় চমক

ক্ষমতায় আসার পর প্রথমবার একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই কেন্দ্রে সরকার করতে এনডিএ জোটের উপরেই আস্থা রাখতে হয়েছে পদ্ম শিবিরকে। নানা জল্পনা শেষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কবে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান? আমন্ত্রিতদের তালিকায় কারা? কৌতূহল সব মহলে।

প্রথমে জানা গিয়েছিল ৮ জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তবে সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেই দিন পিছিয়ে দেওয়া হয়। ৮ তারিখ নয় আগামী ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। হঠাৎ কেন দিন বদল করা হল, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশেও শপথ গ্রহণের দিন বদলাল। ৯ জুন নয় আগামী ১২ জুন ফের একবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চন্দ্রবাবু নায়ডু। 

লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী সহ বিজেপির স্লোগান ছিল ‘আবকি বার ৪০০ পার।‘ কিন্তু ৪ জুন ফল প্রকাশ হলে দেখা যায়, এনডিএ জোট ৩০০-র গণ্ডিও পার করতে পারেনি। ২৫০ টি আসনও বিজেপির ঝুলিতে যায়নি। সরকার গড়তে জোটের শরিক জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি-র দিকেই তাকিয়ে ছিল বিজেপি। বুধবার এনডিএ-র বৈঠকে যোগ দিয়ে দুই শরিক দলই মোদীকে সমর্থন দেয়। এরপরই শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হবে। তালিকায় থাকতে পারে বাংলাদেশ, ভুটান, নেপাল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube