রাজনীতিতে প্রত্যাবর্তন করেই হ্যাট্রিক দেবের, ঘাটাল মাস্টার প্ল্যানেই বাজিমাত!

লোকসভা নির্বাচনের আগেই রাজনীতি ছাড়তে চেয়েছিলেন ঘাটালের দু’বারের সাংসদ দেব। পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদল করেছেন। এরপর তৃতীয়বার ঘাটাল থেকে তাঁকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সহজ জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের তারকা প্রার্থী। দেবের হ্যাট্রিকের নেপথ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মঙ্গলবার সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। প্রথম থেকে এগিয়েই ছিলেন তৃণমূল প্রার্থী দেব (Actor-TMC Candidate Dev)। বেলা গড়াতেই তাঁকে টপকে এগিয়ে যান বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পরে আবার এগিয়ে যান দেব। জানা গিয়েছে, ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভা থেকেই ৫৫ হাজার ভোটের লিড পেয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। ‘তৃণমূলের কাছে কেশপুর বঞ্চিত’, ‘কেশপুর থেকেই টাকার বিনিময়ে চাকরির নামে প্রতারণা’, একের পর এক অভিযোগ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। গণনার শেষ দিকে বিজেপি প্রার্থীর থেকে দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে ছিলেন দেব। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় সাত লক্ষ। অন্যদিকে বিজেপি প্রার্থী সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন।

সপ্তম দফার ভোট মিটতেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোল। সেখানে দেখানো হয়েছিল বাংলায় ২০১৯-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমেছে। উল্টোদিকে বিজেপির আসনসংখ্যা বেড়েছে। যদিও এই এক্সিট পোলকে ‘ফেক’ বলে তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে দেব লিখেছিলেন, আমরা জিতছি… তৃণমূল কমপক্ষে ২৬ টি আসন পাবে। পাশাপাশি গোটা রাজ্যে তৃণমূল ভালো ফল করবে এবং আসন সংখ্যা বেড়ে ২৯-৩০ হতে পারে, সেকথাও জানিয়েছেন ঘাটালের তারকা প্রার্থী। গণনার দিন দেখা গেল তাঁর কথাই মিলে গেল।

২০১৪ সালে প্রথমবার ঘাটাল থেকে প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেব। তাঁর হাত ধরেই বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ঘাটাল যায় শাসক দল তৃণমূলের দখলে। ২০১৯-এও সাংসদ নির্বাচিত হন। তবে চলতি বছরের শুরুতেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন ঘাটালের দু’বারের সাংসদ। গত ফেব্রুয়ারি মাসে সংসদে নিজের ‘শেষ বক্তব্য’ রেখেছিলেন। রাজনীতি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেন দেব।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে। এরপরই দেব জানান, তিনি দলের নির্দেশে ভোটে দাঁড়াবেন। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করতেই তিনি ফিরে এসেছেন বলে জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিতেই হয়তো দেবের হ্যাট্রিকের পথ আরও সোজা হয়ে গেল, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube