ভোট গণনার শুরু থেকেই হাসি ফুটেছে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মুখে। অর্ধেকের বেশি আসনে এগিয়ে শাসক শিবির। সবুজ ঝড়ের ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ কালো গাড়িতে নিজের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গন্তব্য কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি। গাড়ির ভিতর থেকেই হাসি মুখে হাত নাড়ান তিনি। দিনের শেষে যে জয় আসবেই তা নিয়ে একপ্রকার নিশ্চিত তৃণমূলের ‘সেনাপতি’। জানা গিয়েছে, মমতা-অভিষেকের বৈঠকে ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা কি হবে সেই বিষয় আলোচনা হতে পারে। আগামী বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তাই তার আগে বিরোধী জোটে তৃণমূলের ভূমিকা ও রণকৌশল নির্ধারণ করতে চাইছে দলীয় নেতৃত্ব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) খোদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ভোট ঘোষণার পর থেকেই চার লক্ষ ভোটে জিতবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন। এদিন গণনা শুরু থেকেই এগিয়ে ডায়মন্ড হারবারের দু’বারের সাংসদ। ট্রেন্ড বলছে, সাড়ে চার লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হ্যাট্রিক এখন সময়ের অপেক্ষা মাত্র, এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
উল্লেখ্য, সপ্তম দফার ভোট মিটতেই প্রকাশ্যে এসেছিল এক্সিট পোল। সেখানে অনেকটাই কমেছিল তৃণমূলের আসন সংখ্যা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলকে ‘ফেক’ দাবি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছিলেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

