‘দলবদলু’ অর্জুনে অনাস্থা! পার্থর হাত ধরেই ব্যারাকপুরে এবার জোড়া ফুল?

ব্যারাকপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তাঁকে আরও একবার ব্যারাকপুরের প্রার্থী করা হয়েছে। শুরু থেকেই জয় নিয়ে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার বেলা গড়াতেই ট্রেন্ড অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। তবে কি বারবার দলবদলে অর্জুনের প্রতি অনাস্থা জন্মেছে ব্যারাকপুরের?

ট্রেন্ডের হিসেব (দুপুর ১ টা পর্যন্ত) বলছে, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। শেষ পর্যন্ত কি ছবি পালটাবে নাকি ব্যারাকপুরে এবার ফুটবে ঘাস ফুল? এদিন সকালেই ব্যারাকপুরে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। তাঁর বিরুদ্ধে তৃণমূল কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। সেই বছর লোকসভা নির্বাচনে তাঁকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। বিপুল ভোটে জয়লাভ করেন। ২০২২ সালে ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং। দলবদল করলেও বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। চলতি বছর জনগর্জন সভা থেকে ৪২ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে শাসক শিবির। অর্জুন সিংকে টিকিট দেওয়া হবে নাকি তা নিয়ে জল্পনা ছিল, শেষ পর্যন্ত ব্যারাকপুরে পার্থ ভৌমিককে প্রার্থী করে তৃণমূল।

গত ১০ মার্চ জনগর্জন সভায় উপস্থিত ছিলেন অর্জুন সিং। প্রার্থী তালিকায় নাম না থাকায় মঞ্চ থেকে নেমেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই ফের বিজেপিতে যোগ দেন। সেখান থেকে লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে ময়দানে নেমেছিলেন। পদ্ম ফুল কি আসন ধরে রাখতে পারবে নাকি হাওয়া ঘুরবে শাসকের দিকে, সেদিকেই থাকবে নজর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube