বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পিছিয়ে বালুরঘাটে। ভোট গণনার শুরু থেকেই বড় ধাক্কা গেরুয়া শিবিরে। এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তবে কি উত্তরবঙ্গের এই আসনে মোদী ম্যাজিক চলছে না? বালুরঘাট হাত ছাড়া হবে বিজেপির?
ট্রেন্ড বলছে, চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের ঝুলিতে রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৬১ ভোট। বিজেপি পেয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৮৭ ভোট। ২ হাজার ৭৭৪ ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। বাংলার বহু আসনে পিছিয়ে রয়েছে পদ্ম শিবির। বালুরঘাটে প্রার্থী খোদ বঙ্গ বিজেপির প্রধান। ফলে এটি যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে গণনা শুরু হতেই ধাপে ধাপে পিছিয়ে পড়েছেন সুকান্ত মজুমদার, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির অন্দরে।
২০১৯ সালে লোকসভার নির্বাচনে সুকান্ত মজুমদারকে প্রার্থী করে বিজেপি। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষকে হারিয়ে প্রথমবারেই জয় ছিনিয়ে নেন তিনি। ২০২৪-এও তাঁর ওপরেই ভরসা রেখেছে দলীয় নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের প্রার্থী ‘ভূমিপুত্র’ বিপ্লব মিত্র। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকালেই সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে? বালুরঘাটে কি এবার সবুজ ঝড়? নজর থাকবে সেদিকেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

