লোকসভা নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ষষ্ঠ দফায় এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ভোটের শেষ দিন পর্যন্ত তৃণমূল ও বিজেপির প্রার্থীর তরজা দেখা গিয়েছে। মঙ্গলবার, গণনা শুরু হতেই জোর টক্কর দুই দলের। তবে ট্রেন্ড বলছে, এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেব।
চলতি লোকসভা নির্বাচনে বাংলার ঘাটাল কেন্দ্রে নজর ছিল রাজনৈতিক মহলে। রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেও ফিরে এসেছেন দেব। তৃতীয়বার তাঁকে ঘাটাল থেকেই প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি টিকিট দিয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের। নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন দুই প্রার্থী। দেবকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন হিরণ। পাল্টা ফিরিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থীও। সব মিলিয়ে হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছিল ঘাটাল।
২০১৪ সালে প্রথমবার ঘাটাল থেকে প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেব। তাঁর হাত ধরেই বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ঘাটাল যায় শাসক দল তৃণমূলের দখলে। ২০১৯-এও সাংসদ নির্বাচিত হন। তবে চলতি বছরের শুরুতেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন ঘাটালের দু’বারের সাংসদ। গত ফেব্রুয়ারি মাসে সংসদে নিজের ‘শেষ বক্তব্য’ রেখেছিলেন। রাজনীতি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করতেই তিনি ফিরে এসেছেন বলে জানিয়েছিলেন।
তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। ২০২৪-এ হ্যাট্রিকের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি। আসন দখলে রাখতে তৃণমূলের ‘তুরুপের তাস’ ঘাটাল মাস্টার প্ল্যান। ভোট গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হিরণ-দেবের। কে হাসবে জয়ের হাসি, তা এখন সময়ের অপেক্ষা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

