বলিউড পরিচালক নীরজ পাণ্ডের ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘ সিরিজে চমকের শেষ নেই । সিরিজে যুক্ত হচ্ছে একের পর এক টলিউড তারকার নাম । এবার সিরিজে যুক্ত হল আরও এক অভিনেত্রীর নাম ।

আসছে খাকি সিরিজের সিকুয়েল । না, বিহার নয় । এবার ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘ নিয়ে হাজির হচ্ছেন বলিউড পরিচালক নীরজ পাণ্ডে । এর আগে ‘খাকি দ্য বিহার চ্যাপ্টার‘ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল ।

এবার শোনা যায় ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘ সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়কে । অভিনেত্রী হিসেবে থাকছেন সোলাঙ্কি ও চিত্রাঙ্গদা শতরূপা । এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক তারকার নাম । টলি অভিনেত্রী শ্রুতি দাসকে দেখা যাবে, ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘ সিরিজে । তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায় ।

সূত্রের খবর মুম্বইয়ে অডিশন দিয়েছিলেন অভিনেত্রী । সেখানে তিনি সিলেক্ট হয়েছেন । তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী । এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স ইকুয়ালস টু প্রেম‘ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন সকলের ।

এছাড়াও দেবালয় ভট্টাচার্য পরিচালিত শ্রী স্বপন কুমারের ‘বাদামি হায়নার কবলে‘ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে । এবার নীরজ পাণ্ডের ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘-এ কী চমক দেন সেদিকেই তাকিয়ে সব সিনেমাপ্রেমীরা ।

‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার‘-এ টলিউডের পাশাপাশি বলিউডের প্রথম সারির অভিনেতাদের দেখা যাবে । সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির শুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা জিৎ ও শাশ্বত চট্টোপাধ্যায় । প্রসেনজিতের লুক সেট হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে খুব শীঘ্রই কলকাতায় ছবির শ্যুটিং শুরু হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

