দেশের ভাগ্য নির্ধারণের পালা, কড়া নিরাপত্তা বলয়ে গণনাকেন্দ্রগুলি!

মঙ্গলবার দেশজুড়ে রয়েছে ৫৪৩টি লোকসভা আসনের গণনা । এই শেষবার দেশে ৫৪৩টি লোকসভা আসনের গণনা হবে গোটা দেশজুড়ে একসঙ্গে । আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭২৮ । এরাজ্যেও ২০২৪ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ৪২ টি আসনের গণনা হবে রাজ্যের ৫৫টি গণনাকেন্দ্রে । নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন । গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা ।

জানা যাচ্ছে গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে । প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ । দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী । রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; থাকবে ২৫২৫ জন রাজ্য পুলিশও । গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন গণনা পর্যবেক্ষক থাকবেন ।

একই সঙ্গে আরও জানা যায়, গণনা কেন্দ্রে শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ব্যবহার করতে পারবেন । এর পাশাপাশি সমগ্র গণনা কেন্দ্র সহ তার চারপাশ সিসিটিভিতে ক্যামেরার আওতায় থাকবে । তবে গণনা কেন্দ্রের ভিতর ওয়েব কাস্টিং হবে না, থাকবে সিসিটিভি । পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই নির্দিষ্ট ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার । এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে ।

গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কোন কিছু নিয়েই প্রবেশ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় কমিশন । যদি মোবাইল কারোর কাছে পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় বাহিনী তা বাজেয়াপ্ত করবে এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী তাঁর হাজতবাস অথবা জরিমানা হতে পারে বলে জানা যায় । একই সঙ্গে আরও জানানো হয়, কোন সরকার পোষিত স্কুলের শিক্ষক, সাম্মানিক সরকারি ভাতা প্রাপ্ত কর্মী, চুক্তিভিত্তিক সরকারি কর্মী গণনা কর্মী হতে পারবেন না । গণনা কেন্দ্রের কর্মীদের বাধ্যতামূলকভাবে বেতনভুক্ত সরকারি কর্মীই হতে হবে । সমস্ত গণনা কর্মীর নির্দিষ্ট সরকারি আইডেন্টিটি কার্ড থাকতে হবে ।

এই সকল নির্দেশগুলির পাশাপাশি আরও জানানো হয়, একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন । গণনার সঙ্গে যুক্ত এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না । কমিশনের আরও নির্দেশ, গণনা কেন্দ্র থেকে একবার বাইরে বেড়িয়ে গেলে আর কেউ ফের ভিতরে ঢুকতে পারবেন না । শুধুমাত্র অবজারভার ও রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় ছাড় রয়েছে ।

অপরদিকে সংবাদ মাধ্যম বা মিডিয়ার জন্য নির্দিষ্ট স্থান থাকবে গণনা কেন্দ্রে । গণনার যাবতীয় খবরাখবর দেওয়ার জন্য রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক মিডিয়া এনক্লেভে উপস্থিত থাকবেন বলেও জানা যায় । গণনা কেন্দ্রের ভিতরের ছবি করার জন্য একবারই গণনার শুরুতে মিডিয়াকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে ।

আগামী ৪ জুন রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে ২০২৪ লোকসভা নির্বাচনে ৪২ টি লোকসভা কেন্দ্রে ৮০,৫৩০ টি ভোটকেন্দ্র সহ পোস্টাল ব্যালট গণনা হওয়ারও কথা । গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।  রাজ্যে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সাড়ে সাত কোটির বেশি ভোটার।

সবকিছু ঠিক থাকলে বেলা ১ টার মধ্যেই আগামী পাঁচ বছরের জন্য সকলের কাছে দেশের ভবিষ্যতের ছবিটা পরিষ্কার হয়ে যাবে । এখন দেখার বিষয় এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশন যেখানে অনেকটাই সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করতে সক্ষম হয়েছে এই রাজ্যে সেখানে গণনা এবং গণনার পর পরিস্থিতিকে কতটা সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube