লোকসভা নির্বাচনের সাত দফা শেষ হতেই ভোট পরবর্তী হিংসার কবলে বাংলা। শনিবার রাতে এক বিজেপি কর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় গর্জে উঠেছে বঙ্গ বিজেপি। হিংসা নিয়ে আওয়াজ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্ষমতায় এলে বাংলায় ‘উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার শেষ দফার ভোটের রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জে এক বিজেপি কর্মীকে গুলি করে খুন এবং মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর ধর উদ্ধার হলেও এখনও ‘নিখোঁজ’ মুণ্ডু। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) শুরু হয়ে গিয়েছে। কলকাতার প্রাণ কেন্দ্র দক্ষিণ কলকাতায় বিজেপির কর্মীদেরকে ধমক, মারধর চলছে।’ শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সভাপতি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসছে। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার।’
রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনও কিছুর সঙ্গেই আপোষ করেন না। অপরাধ রুখতে এনকাউন্টারের মত ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এবার বঙ্গ বিজেপির প্রধানের মুখে শোনা গেল সেই সুর।
সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে তৃণমূল (TMC) নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘হিংসার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিজেপির নেতারা বলছেন এনকাউন্টারে খুন হবে। এরা আইনের শাসন মানে না।’ তাঁর কথায়, বিজেপি বন্দুকের রাজনীতি করতে চাইছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

