লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোটের দিনেই বৈঠকের ডাক দেয় ‘ইন্ডিয়া’ জোট। তৃণমূল এই বৈঠকে উপস্থিত থাকতে পারবে না একথা আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠকে দাবি করেন, এবারে ২৯৫ আসন পেয়ে ক্ষমতায় আসতে চলছে ইন্ডিয়া জোট।
এদিনের বৈঠকে কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডা, ভগবন্ত মান, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোটের একাধিক শরিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোট পরবর্তী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৈঠক শেষ করেই একসাথেই বাইরে বেরিয়ে আসেন ইন্ডিয়া জোটের সদস্যরা। ক্যামেরার সামনে ‘ভিক্ট্রি’ সাইন দেখান সকলে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কার্যত ঘোষণা করে দেন, ইন্ডিয়া জোট কমপক্ষে ২৯৫ টি আসন পাবে। জোটের সকল নেতাদের সঙ্গে আলোচনার পর এই অঙ্কে আসা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিজেপি ২৩৫ টি আসন পাবে বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, ২ জুন সুপ্রিম কোর্টের নির্দেশে তিহাড় জেলে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগেই এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, তৃণমূল এই বৈঠক উপস্থিত না থাকলেও মল্লিকার্জুন খাড়গে বাংলার শাসক দলকে জোটের ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবেও আখ্যা দেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

