লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার শেষ দফার প্রচারে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায় ছিল এক বড় চমক, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিন বেলগাছিয়ায় ভোট দিতে আসেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অন্যান্য সাধারণ মানুষের মতই বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘৩০ তারিখ পর্যন্ত দলের নির্দেশ মেনে কাজ করেছি। আজ থেকে আমার পেশায় ঢুকেছি। এখন শুধু সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না।’ এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, মিঠুন চক্রবর্তী কি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন! যদিও এনিয়ে বেশি কিছু শোনা যায়নি ‘মহাগুরু’র মুখে।
লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলায় বিজেপির তারকা প্রচারকদের তালিকায় নাম ছিল মিঠুন চক্রবর্তীর। দলের পাশে থেকেই দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক সভা, রোড শো করেছেন। দাবদাহের মধ্যে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে থেমে যাননি। সুস্থ হয়েই আবার প্রচারের ময়দানে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এখন আর রাজনীতির কথা বলতে চাইছেন না তিনি।
রাজনৈতিক প্রচারের কাজ শেষ করেই অভিনয়ে ফিরছেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে তাঁর হাতে বেশ কিছু ছবি রয়েছে। শুটিংও শুরু হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, শুটিংয়ের ফাঁকে যে রাজনৈতিক কর্মসূচিতে সময় দিতে পারবেন না, সেকথাই জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, এদিন মিঠুন চক্রবর্তীকে দেখেই ‘চোর’ স্লোগান উঠতে শুরু করে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

