ফিরতে হবে জেলে, আমজনতার কাছে বাবা-মা’কে নিয়ে বিশেষ অনুরোধ কেজরির

অন্তর্বর্তী জামিনের মেয়াদের দিন ফুরিয়ে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশমত আগামী ২ জুন তিহাড় জেলে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও লাভ হয়নি। তাই আত্মসমর্পণের আগে সাধারণ মানুষের কাছে বিশেষ অনুরোধ করলেন তিনি।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি বলেন, পরশু তিহাড়ে ফিরে যেতে হবে। কতদিনের জন্য আটকে রাখা হবে জানি না। তাই আজ সকলের কাছে একটি অনুরোধ জানাতে এসেছি। আমার বাবা-মায়ের বয়স হয়েছে। মায়ের শরীর ভালো নেই। আমার পরে আমার বাবা-মায়ের খেয়াল রাখবেন। আগামী রবিবার দুপুর ৩ টের পরই নিজের বাড়ি থেকে বেরিয়ে আত্মসমর্পণ করবেন বলেও জানিয়েছেন আপ প্রধান।

শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) সাতদিনের জন্য জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন কেজরিওয়াল। তাঁর আবেদনে বলা হয়েছিল,অরবিন্দ কেজরিওয়ালের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে পিইটি-সিটি স্ক্যান, এই পরীক্ষাটির মাধ্যমে মূলত শরীরে ক্যানসার নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত শীর্ষ আদালত আপ সুপ্রিমোর আবেদন শোনেনি। এরপরই স্থায়ী জামিনের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। আপ সূত্রে খবর, শারীরিক অসুস্থতা ছাড়াও আগামী ৪ জুন ভোটের রেজাল্টের দিন বাইরে থাকতে চান অরবিন্দ কেজরিওয়াল। তবে পরিস্থিতির বদল না হলে ২ তারিখ তিহাড়ের ঠিকানায় ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। এরপর একমাসেরও বেশী সময় ধরে দিল্লির তিহাড় জেলে বন্দী ছিলেন তিনি। গত ১০ মে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে চেয়ে জামিনের আবেদন করেছিলেন আপ সুপ্রিমো, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ দিনের জামিন পান কেজরিওয়াল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube