প্রধানমন্ত্রী পদের অবমাননা করেছেন মোদী! BJP সরকারকে তোপ দেগে খোলা চিঠি মনমোহন সিংয়ের

আগামী শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। বৃহস্পতিবারই শেষ প্রচার। সকাল থেকেই ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর বিজেপি সরকারকে আক্রমণ করে খোলা চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নরেন্দ্র মোদীকে ‘নিম্নরুচি’ বলেও কটাক্ষ করেন তিনি। দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেও বিশেষ করে পাঞ্জাববাসীদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

চিঠির শুরুতেই মনমোহন সিং (Manmohan Singh) লিখেছেন, ‘স্বৈরাচারী শাসন থেকে আমাদের গণতন্ত্র ও সংবিধান রক্ষা করার শেষ সুযোগ রয়েছে আমাদের হাতে।’ ‘পাঞ্জাব এবং পাঞ্জাবিরা যোদ্ধা। আমরা আত্মত্যাগের জন্য পরিচিত। আমাদের অদম্য সাহস, সম্প্রীতি,ভ্রাতৃত্বের গণতান্ত্রিক নীতিতে সহজাত বিশ্বাস আমাদের মহান জাতিকে রক্ষা করতে পারে। বিগত দশ বছরে বিজেপি সরকার পাঞ্জাব এবং পাঞ্জাবিদের অপমান করতে কোনও কমতি রাখেনি। তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে শহীদ হয়েছেন ৭৫০ জন কৃষক যাদের অধিকাংশই পাঞ্জাবি। সংসদে দাঁড়িয়ে তাঁদেরকেই ‘আন্দোলনজীবী’, ‘পরজীবী’ বলে আক্রমণ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু গত দশ বছরে তাঁদের উপার্জন কমেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কংগ্রেস-ইউপিএ সরকার ৩.৭৩ কোটি কৃষকদের ৭২ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে। উৎপাদন বেড়েছে, রপ্তানিতে উৎসাহিত করেছে। কংগ্রেসের ইস্তেহারে ‘কিষাণ ন্যায়’-এর অধীনে ৫ টি গ্যারান্টির কথা বলেছে।

‘গত দশ বছরে দেশের অর্থনীতির ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রুটিপূর্ণ জিএসটি, করোনা মহামারীর কারণে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। বেকারত্ব এবং লাগামহীন মুদ্রাস্ফীতির পরিস্থিতি, যা গত ১০০ বছরে সর্বোচ্চ। আমাদের যুব সমাজ বর্তমান ব্যবস্থায় সর্বাধিক অবহেলিত। ৩০ লক্ষ সরকারি শূন্যপদ রয়েছে। বছরের পর বছর নিয়োগের জন্য অপেক্ষা করতে হচ্ছে।’ এনিয়েই কংগ্রেসের সমাধান ‘যুব ন্যায়’ গ্যারান্টি। আমাদের সশস্ত্র বাহিনীর উপর অগ্নিবীর স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে। বিজেপি মনে করে, সাহসিকতা ও দেশ সেবার মূল্য মাত্র ৪ বছর। এটি তাদের ভুয়ো জাতীয়তাবাদের পরিচয় দেয়।’

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চিঠিতে লেখা হয়েছে, ‘মোদীজি হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি জনসাধারণের বক্তব্যের মর্যাদা কমিয়েছেন। অতীতে কোনও প্রধানমন্ত্রীই সমাজের একটি নির্দিষ্ট অংশ বা বিরোধী দলের জন্য এমন বিদ্বেষপূর্ণ, অসংসদীয় শব্দের ব্যবহার করেননি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁর নামে মিথ্যে কথা বলার অভিযোগ তুলেছেন মনমোহন সিং। তিনি লিখেছেন, ‘আমি কখনও কোনও সম্প্রদায়কে নিয়ে কোনও মন্তব্য করিনি। আমার বিরুদ্ধেও মিথ্যে কথা বলা হয়েছে।’ ১ জুন শেষ দফার নির্বাচন, ৪ জুন রেজাল্ট, তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube