রেশন দুর্নীতির পর এবার কয়লা পাচার মামলা। নতুন অভিযোগ সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, কয়লা পাচার দুর্নীতিতেও যুক্ত ছিলেন শাহজাহান। এরফলে কি অস্বস্তি আরও বাড়ল তাঁর?
শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারির ৫৬ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সেখানেই তদন্তকারীরা দাবি করেছেন, কয়লা পাচার মামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শাহজাহান। বেআইনিভাবে কয়লা পাচার থেকে তোলা আদায় করতেন তিনি। এমনকি শাহজাহানের জড়িত থাকার প্রমাণ ইতিমধ্যেই ইডির হাতে এসেছে বলেও খবর। চার্জশিটে ইডি আরও উল্লেখ করেছে, শাহজাহানের প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে যার পুরোটাই দুর্নীতির বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
গত ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির শেখ শাহজাহানকে। গ্রেফতারির ৫৬ দিনের মাথায় ধৃতের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করা হল কলকাতায় বিশেষ ইডি আদালতে। চার্জশিটে শাহজাহানের ভাই আলমগির ও শিবু হাজরার নাম উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে। জমি দখলের অভিযোগ নিয়ে বেশ কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। ইডি সূত্রে খবর, শেখ শাহজাহান ১৮০ বিঘা জমি দখল করেছিলেন, যেখান থেকে আড়াইশো কোটিরও বেশি টাকা আদায় করেছিলেন।
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। একাধিকবার তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি একা নন, তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও অভিষেক দাবি করেছেন তিনি বা তাঁর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এবার এই মামলায় নাম জড়াল তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

