ষড়যন্ত্র! ঋতুপর্ণাকে ED-র তলব নিয়ে ‘বিস্ফোরক’ সায়নী

রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে কলকাতায় ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। গোটা বিষয়টা নিয়েই শোরগোল ছড়িয়ে পড়েছে। ইডির তলবের খবর পেয়ে হতবাক খোদ ঋতুপর্ণা। এবার এনিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) আগামী ৫ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই মুহূর্তে তিনি মার্কিন মুলুকে। বুধবার রাতেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। যদিও অভিনেত্রী জানিয়েছেন, ‘এ বিষয়ে তাঁর কলকাতার বাড়িতে কোনও চিঠি আসেনি।’ তাঁর দাবি, ‘রেশন দুর্নীতি নিয়ে আমার ধারণা নেই। সামনেই বেশকিছু ছবি মুক্তি। তার মধ্যে এই খবরে আমার সম্মানহানি হল।’ ইডির তলবে কি সাড়া দেবেন ঋতুপর্ণা? আইনজীবীর পরামর্শ মেনেই পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন তিনি।

এনিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh) মনে করছেন, ‘ষড়যন্ত্র হতেই পারে।’ যদিও ঋতুপর্ণা বিষয়টা সামলে নেবেন বলেও ধারণা তাঁর। প্রসঙ্গত, ২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রোজভ্যালি প্রযোজিত বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে যোগাযোগের সূত্র ধরেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। সূত্রে খবর, বেশ কিছু অনুষ্ঠানে ঋতুপর্ণা ও জ্যোতিপ্রিয় মল্লিককে একসঙ্গে দেখা গিয়েছে। একথা নিজেও স্বীকার করেছেন অভিনেত্রী। সেই সূত্র ধরেই এই তলব বলে জানা যাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube