ভোটের ব্যস্ততা, CBI তলবে হাজিরা এড়ালেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর তথা তারকা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর। তদন্তের স্বার্থে এনিয়ে তৃতীয়বার তলব করা হয়েছিল তাঁকে। তবে ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে এবারে সিবিআইয়ের ডাকে হাজিরা এড়ালেন তৃণমূল নেতা। ইতিমধ্যেই আইনজীবী মারফত তদন্তকারীদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) কাছে চিঠি দিয়ে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভোটের নানা কাজের জন্য এই মুহূর্তে তিনি ব্যস্ত। তাই হাজিরা দিতে পারছেন না। তবে ৪ জুনের পর তিনি হাজিরা দিতে পারবেন বলেও জানিয়েছেন চিঠিতে। আগামী ১ জুন কলকাতার বিভিন্ন অংশে ভোট। তার আগেই বুধবার দেবরাজ চক্রবর্তীকে হাজিরার কথা জানিয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু প্রচারের শেষ লগ্নে ব্যস্ততার কারণ দেখিয়ে তলব এড়িয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর।

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গত বছর নভেম্বরে বিধাননগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর বরানগরের অফিসেও দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি চলেছিল। এরপরই তাঁকে একাধিকবার তলব করা হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন দেবরাজ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানিয়েছিলেন সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছেন তিনি। আগামী শনিবার একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ভোট। প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তাই ভোটের কাজের কারণেই হাজিরা এড়িয়ে সিবিআইয়ের কাছে সময় চেয়ে নিলেন তৃণমূল কাউন্সিলর।

বাংলায় ভোট প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একাধিকবার আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভোটের মরশুমেই শাসক দলের এক নেতাকে তলব, এই বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের একাংশের দাবি, লোকসভা নির্বাচন মিটলে পুনরায় সক্রিয়ভাবে তদন্তে নামবে কেন্দ্রীয় এজেন্সিগুলি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube