আগামী শনিবার বাংলার যে ৯ কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ শাসক দলের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন নিজের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতা।
শনিবার ডায়মন্ড হারবারে ভোট গ্রহণ। তার আগে এদিন শেষ প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রে রোড শো করেন। রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়েই বিজেপি-কংগ্রেস-সিপিএম’কে একযোগে নিশানা করেন। তৃণমূল প্রার্থী বলেন, ‘বিজেপির যদি প্রার্থী খুঁজতে একমাস সময় লাগে, ডায়মন্ড হারবার লোকসভায় দু’হাজার বুথ রয়েছে, বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে।’
অভিষেক আরও প্রশ্ন করেন, ‘বিজেপির কোনও সর্বভারতীয় নেতা, বিজেপির কোনও রাজ্য নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দাঁড়াল না কেন? যারা আমায় গালিগালাজ করে তাঁরা দাঁড়াল না কেন? এত ভয় কেন?’ তাঁর সংযোজন, ‘এঁরাও জানে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। যারা ভাবছে মিথ্যে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে যারা ডায়মন্ড হারবার ও ফলতাকে ছোট করেছে আগামী দিন প্রতিশোধ নিতে হবে। তৃণমূলকে জেতাতে হবে এক লক্ষের ব্যবধানে।’ কংগ্রেস-সিপিএম জোটকেও কটাক্ষ করেন তৃণমূল নেতা।
২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পালা হ্যাট্রিকের। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববি-কে। চলতি নির্বাচনের জন্য দফায় দফায় বাংলার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপি কাকে প্রার্থী করবে? কৌস্তভ বাগচী, রুদ্রনীল ঘোষের নাম উঠে এসেছিল। শেষ পর্যন্ত অভিজিৎ দাসকে টিকিট দেওয়া হয়। ২০০৯ ও ২০১৪ সালেও এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে পরাজিত হয়েছিলেন ববি। তাই ফের তাঁকে প্রার্থী করায় বিজেপির কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। অন্যদিকে, ২০২৪-এ চার লক্ষের ব্যবধানে জিতবেন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

