স্বামীর ভিটেয় ঠাঁই মিলল না স্বামীহারা বৃদ্ধার । বাড়িতে ঢুকতে গেলে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলেও । বাড়ির বাইরে ইতিউতি ঘুরে বসে সময় কাটাচ্ছেন ৮৫ বছরের বৃদ্ধা আশালতা জানা । পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । ঘটনা জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা মুচিপাড়ার শীতলাতলা এলাকার।
বৃদ্ধার দাবি, স্বামীর ভিটেতে এখন ছোট ছেলে থাকলেও সেই বাড়ির একটি ঘরে আমৃত্যু তাঁর অধিকার থাকবে এমনটাই চুক্তি ছিল । ভিন্ন বাড়িতে বড় ছেলের কাছে থাকলেও নিজের বাড়িতে তিনি মাঝেমধ্যেই যেতেন এবং ব্যবহারও করতেন ।
সেরকমই নিজের ঘরে থাকবেন বলে বুধবার বেলা ন’টার সময় বৃদ্ধা গিয়েছিলেন সেই বাড়িতে। কিন্তু ঘরে ঢোকাতো দূরের কথা, বাড়িতেই ঢুকতে দিল না ছোট ছেলে । শুধু তাই নয় মাকে অস্বীকার করে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপ্রকার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় ছেলে আশীষ জানা । এমনটাই অভিযোগ তোলেন বৃদ্ধা । এরপর সকাল থেকে বৃদ্ধার ঠাঁই হয়েছে কখনও চায়ের দোকানে, কখনও বা স্থানীয় মন্দিরের চাতালে ।
এই খবর পেয়ে বৃদ্ধার বড় ছেলে ও বৃদ্ধার বিবাহিতা মেয়েরা ছুটে যান সেখানে । স্থানীয়দের সাহায্যে জগাছা থানায় যান বৃদ্ধা । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে
পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ।
উল্লেখ্য, এই ঘটনার অভিযোগ পেয়ে নিউজ টাইমের পক্ষ থেকে অভিযুক্ত আশীষ জানার বাড়িতে খোঁজ করতে গেলেও তিনি বা তাঁর পরিবারের কেউই ভেতর থেকে বন্ধ রাখা দরজা খোলেননি বা সাড়াশব্দও করেননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

