ফের একবার দলবদল করার কথা ভাবছেন বিহারের মুখ্যমন্ত্রী! আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল। আগামী ৪ জুন বড় ঘোষণা করতে পারেন নীতীশ কুমার, জানালেন লালু পুত্র। এনিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফলপ্রকাশ। বিজেপি সরকার কি হ্যাট্রিক করবে নাকি বদলাবে ছবি? সেদিকে নজর থাকবে দেশবাসীর। সম্প্রতি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে প্রশ্ন করা হয়, নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ কি আবার আরজেডিতে ফিরতে পারে? এর উত্তরে নীতীশ কুমারকে ‘চাচা’ সম্বোধন করে তিনি বলেন, আর কয়েকটা দিন, তারপর চাচাজির মুখেই সব শুনে নেবেন। তেজস্বীর মন্তব্যের পরই রাজনৈতিক মহলে কার্যত হইচই পড়ে গিয়েছে। জল্পনা শুরু হয়েছে, আরও একবার দলবদলের পথে হাঁটবেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। তিনি শারীরিক ভাবে সুস্থ নন, আরও কিছু শারীরিক সমস্যার কারণে কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন সেবিষয়েও সন্দেহ রয়েছে।
বিহারের রাজনৈতিক মহল থেকেই কথা উঠছে, লোকসভা নির্বাচনের পর নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলে জেডিইউ ভেঙে যেতে পারে। অথবা বিজেপি সেই আসন দাবি করতে পারে। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে, তার আগে জটিলতা কাটানো প্রয়োজন। এই পরিস্থিতিতে লালু পুত্রের মন্তব্য অনেক প্রশ্ন তুলছে।
২০২২ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডি’র সঙ্গে হাত মেলান নীতীশ কুমার। নতুন করে সরকার গঠন হয়, যেখানে মুখ্যমন্ত্রী হন নীতীশ এবং উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। গত বছর মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই ‘ইন্ডিয়া’ জোটের প্রথম বৈঠক হয় পাটনায়। দেড় বছরের মাথায় ফের পালাবদল। চলতি বছরের শুরুতেই বিজেপি জোটে ফিরে যান নীতীশ কুমার। কয়েকমাসের মধ্যেই ফের তাঁর দলবদলের জল্পনায় রাজনৈতিক পারদ চড়ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

