সপ্তম দফার ভোটের দিনই বৈঠকের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। শরিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। প্রশ্ন উঠছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকবেন? নানা জল্পনার অবসান ঘটিয়ে নিজেই উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কারণ সহ জানালেন, ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে অংশ নিতে পারবেন না তিনি।
আগামী ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA Bloc) জোটের বৈঠক হবে বলেই সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোটের সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফল প্রকাশ। কেন্দ্রের মোদী সরকারকে গদিচ্যুত করতে বিরোধীরা তৈরি করেছিল ‘ইন্ডিয়া’ জোট। মনে করা হচ্ছে, জোটের ভবিষ্যৎ কী হবে তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
গত সোমবার কলকাতায় এক নির্বাচনী প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘১ তারিখ যেতে পারব না। ওই দিন অনেকগুলো আসনে ভোট আছে। সব ছেড়ে কী করে যাব!’ এছাড়া ঘূর্ণিঝড়ে রাজ্যে যে প্রভাব পড়েছে সেই পরিস্থিতির মধ্যে তিনি দিল্লি যেতে পারবেন না বলেও জানান। তৃণমূলের তরফে কোনও প্রতিনিধিও উপস্থিত থাকবেন না বলেও খবর।
উল্লেখ্য, নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না। ভোট প্রচারে গিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, তিনি ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছেন। তাঁকে ছাড়া (মমতা বন্দ্যোপাধ্যায়) জোট সম্ভব নয়।’ নানা বিতর্কের পরও চলতি নির্বাচনে কেন্দ্রে ‘ইন্ডিয়া’ জোট সরকার গঠন করবে বলেও আশাবাদী বিরোধীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

