ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে প্রাণ হারিয়েছেন একাধিকজন। মৃতের সংখ্যা বাড়ছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানালেন। পাশাপাশি রাজ্যবাসীদের পাশে থাকার বার্তাও দিলেন তিনি।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারো সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম। নিহতদের পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই, তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে।…‘
দুর্যোগের জেরে যাদের ঘর-বাড়ি, ফসলে ক্ষতি হয়েছে, তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া স্বজনহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বিধি ও আইন মেনেই ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, আমরা সবটাই করবো।‘
মুখ্যমন্ত্রীর পোস্টের পরই আক্রমণ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ এমন একজন মুখ্যমন্ত্রী চায় যিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করার বদলে একটু কাজ করবেন। আপনি বাইরে ছিলেন না, আপনার মন্ত্রীদের কাউকে পথে দেখা যায়নি, যেখানে তাঁদের অনেকেই কলকাতায় থাকেন।..’ অমিত মালব্য আরও লেখেন, ‘চিন্তা করবেন না বিজেপির নেতারা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্যোগে মানুষদের সাহায্য করছে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

