সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ১১৩ পাতার চার্জশিট পেশ করা হয়েছে বলে খবর। তদন্তকারীদের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানা গিয়েছে। এরফলে আগামী দিনে জামিনের ক্ষেত্রে শাহজাহান কিছুটা চাপে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির শেখ শাহজাহানকে। গ্রেফতারির ৫৬ দিনের মাথায় ধৃতের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করা হল কলকাতায় বিশেষ ইডি আদালতে। চার্জশিটে শাহজাহানের ভাই আলমগির ও শিবু হাজরার নাম উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে। জমি দখলের অভিযোগ নিয়ে বেশ কিছু তথ্য উল্লেখ করা হয়েছে।
ইডি সূত্রে খবর, শেখ শাহজাহান ১৮০ বিঘা জমি দখল করেছিলেন, জমি দখল করে আড়াইশো কোটিরও বেশি টাকা আদায় করেছিলেন। তদন্তে নেমে শাহজাহানের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই চার্জশিটের ফলে শাহজাহানের জামিনের রাস্তা কি আরও দুর্গম হয়ে উঠবে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে।
চলতি বছরের শুরু থেকেই সরগরম সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। শাহজাহানের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল শাহজাহানকে। প্রথমে রাজ্য পুলিশ, সিআইডি তদন্ত করলেও পরবর্তীকালে কেন্দ্রীয় এজেন্সির হাতেই তদন্তভার তুলে দেওয়া হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

